ব্রাহ্মণবাড়িয়াসহ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) আওতাধীন মোট ছয় জেলায় গ্যাসের চাপ খুব স্বল্প থাকায় এই জেলাগুলোর বাসাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন খাতে গ্যাস ব্যাবহার করা গ্রাহকরাচরম দুর্ভোগে পড়েছেন।
এ নিয়ে গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে চরম অসন্তোষ। জানা যায় ,প্রতিকূল আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় জাতীয় গ্রিডে গ্যাসের চাপ মারাত্মকভাবে কমে গেছে। এতে ব্রাহ্মণবাড়িয়াসহ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) আওতাধীন ছয় জেলায় দেখা দিয়েছে গ্যাসের তীব্র স্বল্পচাপ।
বুধবার (১২ আগস্ট) বিজিডিসিএল থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খারাপ আবহাওয়ার কারণে সমুদ্রে থাকা এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে জাতীয় পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ হঠাৎ করেই অনেকটা কমে গেছে।
এর প্রভাবে বিজিডিসিএলের বিতরণ এলাকার কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসাবাড়ি ও শিল্পকারখানায় গ্যাসের চাপ কমে গেছে। অনেক এলাকায় চুলা জ্বললেও রান্না করা যাচ্ছে না বলে জানিয়েছেন গ্রাহকরা।
এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিজিডিসিএল কর্তৃপক্ষ। এতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি গ্রাহকদের গ্যাস – সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগের জন্য বিজিডিসিএলের হটলাইন ১৬৫২৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
ডিএস./



















