গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংস্কার ও রূপান্তরের দুই বছর পূর্তি উপলক্ষে আনসার-ভিডিপি মতবিনিময় সভা আয়োজন করেন।
১৩ই আগস্ট দুপুরে গাজীপুরের সফিপুরে আনসার একাডেমীর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ গত দুই বছরের বিভিন্ন সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে বাহিনীকে আরও আধুনিক, দক্ষ, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এসব সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
মহাপরিচালক বলেন, সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার কথা উল্লেখ করতে হবে। বর্তমানে কঠিন ও প্রতিযোগিতামূলক ধাপ অতিক্রম করেই যোগ্য মেধাবী প্রার্থীরা চূড়ান্তভাবে নির্বাচিত হচ্ছেন। নিয়োগে কোনো অবৈধ আচরণ, দুর্নীতি বা দালালির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে দক্ষতা, জ্ঞান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাহিনীর বর্তমান সৈনিকরা নির্বাচিত হচ্ছেন।
বাহিনীকে আরও জনবান্ধব, আধুনিক, প্রযুক্তিনির্ভর, দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংস্কার ও রূপান্তরের এ ধারা অব্যাহত থাকবে। জনগণের আস্থা ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাহিনীর প্রায় ৬০ লক্ষ সদস্যের সক্ষমতাকে দেশের নিরাপত্তা, জনকল্যাণ ও সামাজিক উন্নয়নে আরও কার্যকরভাবে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার- ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) উপমহাপরিচালক মোঃ সাইফুল্লাহ্ রাসেল সহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, সদস্য-সদস্যাবৃন্দ।



















