জামালপুরে জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। জমি অথবা টাকা ফেরত পেতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।
শনিবার (১৫ আগষ্ট) সকালে দেওয়ানগঞ্জ পৌর এলাকার ব্যাপারি পাড়ায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধনে তিন পরিবারের সদস্য ও এলাকাবাসীরা অংশ নেয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, দেওয়ানগঞ্জ পৌর এলাকার ব্যাপারি পাড়া এলাকার স্থানীয় রকিব উদ্দিন ও সালাউদ্দিন নিজেদের নামে জমি না থাকা স্বত্তেও ভুয়া দলিলের মাধ্যমে শাকিরুল হক, জাকিউল ইসলাম ও নাজমা বেগমের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়। অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় বিচার পাচ্ছেন না তারা। ভুক্তভোগী শাকিরুল হক (৪৫) জানান, ২০২১ সালে রকিব উদ্দিন ও সালাউদ্দিনের কাছ থেকে পাঁচ শতক জমি সাব কবলা মুলে রেজিস্ট্রি করেন। পরে তাদের অন্য ওয়ারিশরা সেই জমি তাদের বলে অন্যত্র বিক্রি করেন। জমির দখল দিতে অভিযুক্তদের বলা হলেও সেই দাগে আরো জমি আছে বলে দাবি করেন তারা। কিন্তু প্রকৃত পক্ষে সেই দাগে তাদের কোনো জমি নেই।
এ ঘটনায় আদালতে মামলা করেছেন ভুক্তভোগী। আরেক ভুক্তভোগী খোলাবাড়ি এলাকার নাজমা বেগম (৬০) জানান, যমুনা নদীর ভাঙনে দশবার বাড়ি হারিয়েছেন। শেষ সম্বল দিয়ে তিনিও পাঁচ শতক জমি কিনে ছিলেন। জমি না পেয়ে এখন দ্বারেদ্বারে ঘুরছেন তিনি। জমি অথবা টাকা ফেরত পেতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী। এমন প্রতারণার স্বীকার হয়েছেন একই এলাকার আরেক ভুক্তভোগী জাকিউল ইসলাম (৫০) তিনি জানান, রকিব উদ্দিন ও সালাউদ্দিন স্থানীয় প্রভাবশালী হওয়ায় বিভিন্ন জায়গায় ঘুরে প্রতিকার পাচ্ছেন না। ন্যায় বিচারের দাবি তার।
ডিএস,/



















