“মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন”এই স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা থানার উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে পথসভায় মিলিত হয়।
র্যালি ও পথসভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, পৌর বিএনপির সাধারন সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা আব্দুল জলিল সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবারের সদস্য, শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামুখী কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকসেবীদের পুনর্বাসন ও জনসচেতনতা সৃষ্টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মাদকমুক্ত মাটিরাঙ্গা গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, পরিবার ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের সন্তানদের মাদক থেকে দূরে রাখতে পরিবারকে সচেতন হতে হবে এবং তাদের পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাটিরাঙ্গাকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
পথসভা থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করা, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করা এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানানো হয়।
ডিএস./



















