পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি সফল করার লক্ষ্যে পাঁচ লাখ গাছের চারা রোপণের মহতী উদ্যোগ নিয়েছে এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। এই দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বারি ও ব্রি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) প্রাঙ্গণে পৃথক ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
এ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবের সঞ্চালনায় ও আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বরেণ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন, কৃষক দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সোলিম খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান আব্দুস ছালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক রফিকুল ইসলাম এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ আতিকুর রহমান মিঠুসহ কৃষি খাতের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন বলেন, একটি সবুজ ও শ্যামল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ্যাবের পাঁচ লাখ বৃক্ষরোপণের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নিরাপদ দেশ উপহার দিতে দেশের প্রতিটি নাগরিককে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর সময়ই পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করে খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বৃক্ষরোপণে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। বর্তমান সরকার সেই ঐতিহাসিক ধারাবাহিকতাকেই সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং পরিবেশ রক্ষায় প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করে একে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।
উদ্বোধনী আলোচনা সভা ও অতিথিদের গুরুত্বপূর্ণ বক্তব্য শেষে তারা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্থানীয় শিশু শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন, যা শিশুদের মাঝে প্রকৃতিপ্রেম গড়ে তুলতে বিশেষ উৎসাহিত করে।
ডিএস./



















