পটুয়াখালীর দুমকিতে মসজিদের থাকার রুম থেকে মুহাম্মদ সায়েম (২০) নামে এক মুয়াজ্জিনের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। শুক্রবার ২৮ আগস্ট মাগরিবের নামাজের পর উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়া গ্রামের হাওলাদার বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই বছর ধরে সায়েম ওই মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মাগরিবের নামাজের পর হাওলাদার বাড়ির মো: ইউসুফ হাওলাদার সায়েমকে তার থাকার রুমে পড়ে থাকতে দেখেন। এসময় রুমের উপরে স্লিংয়ের সাথে একটি দড়ি টাঙানো অবস্থায় দেখা যায়। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় মসজিদের বারান্দায় নিয়ে যান।
নিহত মুহাম্মদ সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের জামুরা গ্রামের মরহুম জব্বার মৃধার ছেলে।
কী কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেননি। দড়ি টাঙানো অবস্থায় পাওয়ায় অনেকের ধারণা সায়েম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে নিহতের স্বজনদের দাবি, মৃত্যুর পেছনে রহস্য রয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি মো: সেলিম উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ডিএস./



















