চট্টগ্রামে আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা-চট্টগ্রাম লং মার্চ ও লালদিঘী সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে ১১ দলীয় ঐক্য। কর্মসূচিকে সফল, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ১১ দলীয় ঐক্য, চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে নগর জামায়াতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। বৈঠক সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।
বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), লেবার পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টিসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরী শাখার আমীর মাওলানা জিয়াউল হোসাইন, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি ও লংমার্চ বাস্তবায়ন কমিটি চট্টগ্রামের আহ্বায়ক অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এনসিপি চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক মীর মুহাম্মদ শোয়াইব, জাগপা চট্টগ্রাম মহানগরীর সভাপতি আবু মোজাফফর মুহাম্মদ আনাস, এলডিপি চট্টগ্রাম মহানগরীর সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম, লেবার পার্টির মহানগর সভাপতি আলাউদ্দিন আলী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহানগর সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোতালেবসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
প্রস্তুতি বৈঠকে ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ ও লালদিঘী সমাবেশকে কেন্দ্র করে সার্বিক সাংগঠনিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি, প্রচার-প্রচারণা, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং কর্মসূচির ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি জোরদার এবং কর্মসূচিতে অংশগ্রহণকারীদের যাতায়াতের বিষয়েও মতবিনিময় করেন নেতারা।
বৈঠকে সমাবেশস্থলে শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। লং মার্চে অংশ নেওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা এবং দায়িত্ব বণ্টনের বিষয়েও আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ ও লালদিঘী সমাবেশ একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এটি সফল করতে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি কর্মসূচিতে সর্বোচ্চ শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কর্মসূচিকে সফল করতে চট্টগ্রাম মহানগরীর প্রতিটি সাংগঠনিক পর্যায়ে প্রস্তুতি আরও জোরদার করতে হবে। দল-মত নির্বিশেষে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।
বৈঠকে নেতারা ৫ সেপ্টেম্বরের কর্মসূচিকে সামনে রেখে মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক জনসম্পৃক্ততা সৃষ্টি, প্রচার-প্রচারণা বাড়ানো এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কর্মসূচিকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফল করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ডিএস,./




















