নওগাঁর পোরশার প্রত্যন্ত এলাকায় শিক্ষার্থীদের মধ্যে মাদক, বাল্যবিবাহ ও কিশোর-কিশোরীদের সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় করেছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় তিনি শিক্ষার্থীদের মাদক ও অপরাধ থেকে দূরে থেকে লেখাপড়ায় মনোযোগী হয়ে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
সম্প্রতি পোরশার মুশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন ও মতামত মনোযোগ সহকারে শোনেন পুলিশ সুপার। পরে মাদকদ্রব্যের অপব্যবহার, বাল্যবিবাহ এবং কিশোর-কিশোরীদের সাইবার অপরাধে জড়িয়ে পড়া প্রতিরোধে প্রায় এক ঘণ্টাব্যাপী পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন তিনি।
পাওয়ারপয়েন্ট উপস্থাপনায় পুলিশ সুপার মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। মাদক কীভাবে একজন শিক্ষার্থীর স্বাভাবিক জীবন, শিক্ষা, পরিবার ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করতে পারে, সে বিষয়েও তাদের সচেতন করা হয়। একই সঙ্গে বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব এবং অল্প বয়সে বিয়ের কারণে শিক্ষাজীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাধাগ্রস্ত হওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এ সময় কিশোর-কিশোরীদের বিপথগামী হওয়ার বিভিন্ন কারণ নিয়েও আলোচনা করেন পুলিশ সুপার। বিশেষ করে সাইবার জগতের নানা ধরনের ঝুঁকি ও অপরাধে জড়িয়ে পড়া থেকে শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের মাধ্যমে শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখার আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, জীবনের শুরুতেই সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। মাদক, অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। নিজেদের ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে সময়ের সঠিক ব্যবহার এবং ভালো বন্ধু ও ভালো পরিবেশ বেছে নেওয়া প্রয়োজন।
মতবিনিময় সভায় শিক্ষার্থীদের অংশগ্রহণও ছিল প্রাণবন্ত। তারা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধসহ বিভিন্ন বিষয়ে পুলিশ সুপারের কাছে প্রশ্ন করেন। পুলিশ সুপার তাদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি এসব বিষয়ে সচেতন থাকার বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার, পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), শিক্ষকবৃন্দসহ তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত মুশিদপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোনো পুলিশ সুপার বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন। প্রত্যন্ত এই এলাকায় এসে শিক্ষার্থীদের সঙ্গে সময় দেওয়ায় তিনি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
সভায় বক্তারা বলেন, একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা জরুরি। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শুধু আইন প্রয়োগের মাধ্যমে নয়, সচেতনতা তৈরির মাধ্যমেও মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
পুলিশ সুপার বলেন, মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিরাপদ ও সঠিক পথে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
পুলিশ সুপারের এমন উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে মাদক ও অপরাধবিরোধী সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডিএস./


















