ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে ফরিদপুর শহরের শ্রীধাম শ্রীঅঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
সংগঠনের ফরিদপুর জেলা কমিটির সভাপতি অজয় করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় বক্তব্য দেন মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মহানগর শাখার সভাপতি শান্ত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক টুটুল কুন্ডু এবং মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক বিপ্লব কুমার সাহাসহ অন্যরা।
বক্তারা বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় কার্যক্রম পালন করছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সব সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় দেশের সব সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছে।আলোচনা সভা শেষে শ্রীধাম শ্রীঅঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে ভক্তরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
ডিএস./





















