গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটসহ জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসন ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে দলীয়করণ বন্ধ করার ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
আজ সকালে রাজধানীর শাপলা চত্বরে এক মহাসমাবেশের মধ্য দিয়ে এই লংমার্চের যাত্রা শুরু হয়। লংমার্চের যাত্রাপথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় প্রথম পথসভার আয়োজন করে ১১ দলীয় ঐক্য।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। সাধারণ মানুষের অধিকার ও ছয় দফা দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (ncp) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুনুর রশিদ এবং বাংলাদেশ লেবার পার্টির সভাপতি আব্দুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
শিমরাইলের পথসভা শেষে লংমার্চের বহরটি কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পরবর্তী পথসভা শেষে চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
ডিএস./



















