ভোলার লালমোহনে মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে ২৪ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ও দিবাগত রাতে পৌরসভার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বাজার কিচেন মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. জিল্লুর রহমান। এ সময় পুলিশের একটি দল ১৩ পিস ইয়াবাসহ মো. মহিন উদ্দিন (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মহিন উদ্দিন ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহেশখালী এলাকার হাজীবাড়ির তোতা মিয়ার ছেলে।
অন্যদিকে, একই দিন সন্ধ্যায় পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সমিতির মাঠ এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। এসআই (নিঃ) খন্দকার মো. কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১১ পিস ইয়াবাসহ আব্দুল আহাব (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মিজানুর রহমানের ছেলে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। পরে বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে তাদের ভোলা আদালতে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
ডিএস/



















