‘অদম্য অগ্রযাত্রায় স্মার্ট কাব স্কাউট’ স্লোগানকে সামনে রেখে নওগাঁয় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ৭ম জেলা কাব ক্যাম্পুরী। শুক্রবার সকালে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এ ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়।
ক্যাম্পুরীর উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
বাংলাদেশ স্কাউটস নওগাঁ জেলার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্কাউট নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জাহিদুল ইসলাম ধলু কাব স্কাউটদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাব স্কাউটদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আয়োজকরা জানান, এবারের ক্যাম্পুরীতে জেলার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৮০ জন কাব স্কাউট ও স্কাউটার অংশ নিয়েছেন। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা বিকাশে বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে।
আয়োজকদের আশা, এ ক্যাম্পুরীর মাধ্যমে শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহযোগিতার মানসিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।
ডিএস./




















