দীর্ঘ সাত দশকের দাম্পত্য জীবনের সঙ্গীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর শেষযাত্রায় শারীরিক অসুস্থতা সত্ত্বেও হুইলচেয়ারে বসে পুরো সময় উপস্থিত ছিলেন শতবর্ষী এই প্রবীণ রাজনীতিক।
সিতি হাসমাহর বিদায়লগ্নে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মালয়েশিয়াজুড়ে গভীর শোকের আবহ তৈরি হয়। পারিবারিক বাসভবন থেকে শ্রদ্ধা নিবেদন ও নামাজে জানাজার জন্য তামান সুংগাই বেসি ইন্দাহর মসজিদ আস-শরিফে তার মরদেহ নেওয়া হলে সর্বস্তরের হাজারো মানুষের ঢাল নামে।
জানাজা ও শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে উপস্থিত মাহাথিরের নাকে ছিল অক্সিজেনের নল। জীবনের দীর্ঘ পথচলার সঙ্গীর মরদেহের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকা এই নেতাকে অত্যন্ত বিষণ্ন ও আবেগাপ্লুত দেখায়। পরে তিনি উপস্থিত সবার সঙ্গে মরহুমার জানাজার নামাজে অংশ নেন।
পরবর্তী সময়ে সিতি হাসমাহর মরদেহ দাফনের জন্য নেওয়া হয় পুত্রজায়ার ২০ নম্বর প্রিসিঙ্কটের ন্যাশনাল সিমেট্রিতে। সেখানে মোটরচালিত হুইলচেয়ারে বসে পরিবারের সদস্যদের সঙ্গে স্ত্রীর দাফনের পুরো প্রক্রিয়া প্রত্যক্ষ করেন মাহাথির।
প্রসঙ্গত, তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী সোমবার (২৮ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।
ডিএস./





















