বেসরকারি এলপিজির (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) বিভিন্ন পর্যায়ে অপারেটর চার্জ, ডিস্ট্রিবিউটর চার্জ এবং রিটেইলার চার্জ বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি।
এর ফলে ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১৯৭৬ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর নিউ ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল মিলনায়তনে শুরু হওয়া এ গণশুনানিতে এ প্রস্তাব দেওয়া হয়।
শুনানি চলবে বিকেল ৪টা পর্যন্ত।বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটির সুপারিশে বলা হয়েছে, ইমপোর্ট প্যারিটি প্রাইস প্রতি কেজিতে বর্তমানে ১২৮ দশমিক ৪০ টাকা। নতুন প্রস্তাবনায় এটি ১১৭ দশমিক ১২ থেকে ১২৯ দশমিক ৫ টাকা করার কথা বলা হয়েছে এবং ১২৮ দশমিক ৭০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ (অপারেটরের প্লান্ট থেকে ডিস্ট্রিবিউটর পর্যন্ত পরিবহন খরচসহ) চার্জ বর্তমানে প্রতি কেজিতে ১৬ দশমিক ৭৪ টাকা রয়েছে, এই চার্জ নতুন করে প্রস্তাব ২৭ দশমিক ৬২ থেকে ৩৬ দশমিক ৯২ টাকা প্রস্তাব করা হয়েছিলো।
তবে কারিগরি কমিটি প্রতি কেজিতে ২৩ দশমিক ৪৮ টাকা নির্ধারনের সুপারিশ করেছে। ডিস্ট্রিবিউটর চার্জ (রিটেইলারের আঙিনা পর্যন্ত পরিবহন ব্যয়সহ) চার্জ বর্তমানে প্রতি কেজিতে রয়েছে ৪ দশমিক ১৭ টাকা। যা প্রস্তাবনায় বাড়িয়ে ৮ দশমিক ৩৪ থেকে ১২ দশমিক ৫০ টাকা করার কথা বলা হয়। তবে কারিগরি কমিটি ৬ দশমিক ৬৭ টাকা করার প্রস্তাব করেছে।
রিটেইলার চার্জ (হোম ডেলিভারি চার্জ ব্যতীত) রিটেইলার চার্জ বর্তমানে প্রতি কেজিতে ৩ দশমিক ৭৫ টাকা থাকলেও, প্রস্তাবিত হার ৫ দশমিক ৮৩ থেকে ৭ দশমিক ৫০ টাকা করার কথা বলা হয়। তবে কারিগরি কমিটি ৫ দশমিক ৮৩ টাকা নির্ধারণের সুপারিশ করেছে।
রিটেইলার পয়েন্টে সব খরচ মিলিয়ে রিটেইলার প্রতি কেজি এলপিজির বর্তমান মূল্য ১৫৩ দশমিক ৬ টাকা, যা প্রস্তাবে ১৫৮ দশমিক ৯১ থেকে ১৮৫ দশমিক ৯৭ টাকা করার কথা বলা হয়। তবে কারিগরি কমিটি প্রতি কেজি এলপিজি ১৬৪ দশমিক ৬৮ টাকা দাম নির্ধারনের সুপারিশ করে।
সেই হিসেবে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১৯৭৬ টাকা করার সুপারিশ করেছে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি।
তবে এই সুপারিশ চূড়ান্ত নয়। আজকের শুনানিতে এই চার্জ হার নির্ধারণের পক্ষে বিপক্ষে বক্তব্য উপস্থাপন করছেন। শুনানি শেষে পরবর্তীতে চূড়ান্ত মূল্যহার নির্ধারণ করবে।
_RIS_



















