চট্টগ্রামের সীতাকুণ্ডে দায়িত্ব পালনকালে ওঠা অসদাচরণ ও দুর্নীতির অভিযোগেই শেষ পর্যন্ত চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেন সাব-রেজিস্ট্রার মোঃ রায়হান হাবীব।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিচার শাখা-৬ থেকে জারি করা প্রজ্ঞাপনে সই করেছেন সচিব লিয়াকত মোল্লা।
প্রজ্ঞাপন অনুযায়ী, রায়হান হাবীবের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর বিধি ২(খ) অনুযায়ী অসদাচরণ, বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণ এবং ৩(ঘ) অনুযায়ী দুর্নীতিপরায়ণতার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ০৬/২০২৬ নম্বর বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।
অভিযোগের গুরুত্ব বিবেচনায় সুষ্ঠু তদন্তের স্বার্থে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর বিধি ১২(১) এবং সরকারি চাকরি আইন-২০১৮ এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
জানা গেছে, রায়হান হাবীব এর আগে সীতাকুণ্ডে সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি টাঙ্গাইলের ভূঞাপুরে একই পদে দায়িত্ব পালন করছিলেন।
বরখাস্তকালীন সময়ে তিনি নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন। এ সময় বিধি মোতাবেক খোরাকি ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন তিনি। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ডিএস./



















