‘ছোট থেকে বড় হয়েছি। মাথার চুলও পেকে গেছে। কিন্তু আমাদের পালপাড়া ঘাটে সেতু হয়নি। মেম্বার-চেয়ারম্যান, এমপি-মন্ত্রীদের কাছে কতবার গিয়েছি, জুতা ক্ষয় হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ভোটের আগে সবাই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু ভোটের পর আর কেউ খোঁজ নেননি। একসময় সেতুর আশা ছেড়েই দিয়েছিলাম।’
কথাগুলো বলছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের পালপাড়া এলাকার বাসিন্দা পরেশ চন্দ্র পাল (৬৩)। দীর্ঘদিনের অপেক্ষা আর বঞ্চনার কথা বলতে গিয়ে তার কণ্ঠে ছিল ক্ষোভ। তবে এবার সেই ক্ষোভের জায়গায় এসেছে স্বস্তি। কারণ, প্রায় তিন দশক পর তাদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে এগিয়েছে। টাঙ্গন নদীর পালপাড়া ঘাটে ৯০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের অনুমোদন পাওয়া গেছে।
পরেশ চন্দ্র পাল বলেন, সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের পাড়ায় এসেছিলেন। তিনি কথা দিয়েছিলেন, নির্বাচিত হলে সেতু করে দেবেন। পরে তিনি এমপি, মন্ত্রী এবং রাষ্ট্রপতি হয়েছেন। তার দেওয়া কথা এবার বাস্তবায়নের পথে। তিন দশকের অপেক্ষার পর আমরা সেতু পাচ্ছি। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার ও তার ছোট ভাই সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনকে ধন্যবাদ। তারা আমাদের কথা রেখেছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে জাতীয় ও স্থানীয় নির্বাচনে পালপাড়া ঘাটে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের সাবেক পানিসম্পদমন্ত্রী ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনসহ বিভিন্ন জনপ্রতিনিধি একাধিকবার সেতু নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। তবে এত দিনেও সেই আশ্বাস বাস্তবে রূপ নেয়নি। সর্বশেষ ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পালপাড়া ঘাটে সেতু নির্মাণের ঘোষণা দেন মির্জা ফয়সল আমিন। নির্বাচিত হওয়ার সাত দিনের মধ্যে দেওয়া তার এ ঘোষণায় নতুন করে আশাবাদী হন এলাকাবাসী।
এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্বে থাকাকালে সেতু নির্মাণের প্রস্তাব অনুমোদন পেয়েছিল। এবার সেই প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘পল্লি সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।
এলজিইডির সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদারের স্বাক্ষরিত একটি চিঠি থেকে জানা গেছে, ঠাকুরগাঁওয়ে তিনটি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদ থেকে চেড়াডাঙ্গী বাজার সড়কের ১ হাজার ৭৫০ মিটার চেইনেজে টাঙ্গন নদীর পালপাড়া ঘাটে নির্মিত হবে ৯০ মিটার দীর্ঘ সেতু। এ ছাড়া গোবিন্দনগর সমবায় মার্কেট-মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ এলাকার শুক নদীর ওপর ৭৫ মিটার এবং ঠাকুরগাঁও পৌর শহরের সেনুয়া নদীর শ্মশানকালী মন্দির-জমিদারবাড়ি ঘাটে ৫৫ মিটার দীর্ঘ আরও দুটি সেতু নির্মাণ করা হবে। চলতি মাসেই সেতুগুলোর দরপত্র আহ্বানের কথা রয়েছে।
সম্প্রতি পালপাড়া ঘাটে গিয়ে দেখা যায়, টাঙ্গন নদীর ওপর স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে তৈরি করা হয়েছে দীর্ঘ একটি বাঁশের সাঁকো। প্রতিদিন এই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। সাইকেল ও মোটরসাইকেল চলাচল করতে পারলেও তিন চাকার যানবাহন ও পণ্যবাহী গাড়ি চলাচলের সুযোগ নেই। বর্ষাকালে নৌকা আর শুকনা মৌসুমে বাঁশের সাঁকোই তাদের পারাপারের একমাত্র ভরসা।
সেতু না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় কৃষক, শিক্ষার্থী ও রোগীদের। জরুরি প্রয়োজনে অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে বিপাকে পড়তে হয় স্বজনদের। অন্তঃসত্ত্বা নারীদের জন্যও নদী পারাপার ঝুঁকিপূর্ণ। কৃষিপ্রধান এই এলাকার উৎপাদিত সবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারে নিতে কৃষকদের বাড়তি সময় ও পরিবহন খরচ গুনতে হয়। অনেক সময় এ কারণে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাওয়াও কঠিন হয়ে পড়ে।
পালপাড়া ঘাটে সেতু নির্মাণের অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও স্বস্তি দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে যারা সেতুর দাবিতে জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেছেন, তাদের প্রত্যাশা, এবার আর প্রতিশ্রুতিতেই আটকে থাকবে না সেতু নির্মাণের উদ্যোগ। দ্রুত দরপত্র আহ্বান করে নির্মাণকাজ শুরু হবে।
পালপাড়া এলাকার বাসিন্দা নয়ন পাল, নিমাই পাল ও রাধা পাল বলেন, ‘গতকাল (শুক্রবার) মুঠোফোনে দেখেছি, সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন হাতে একটি কাগজ নিয়ে জানিয়েছেন, পালপাড়া ঘাটে সেতু নির্মাণের অনুমোদন হয়েছে। খবরটি শুনে আমরা খুবই আনন্দিত। এই সেতুর জন্য আমাদের বাপ-দাদারা অনেক কষ্ট করেছেন। বর্ষাকালে কখনো সাঁতরে, আবার কখনো প্রায় সাত কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়েছে। আজ সেতুর অনুমোদন হয়েছে, কিন্তু আমাদের বাপ-দাদারা সেই আনন্দ দেখে যেতে পারলেন না। পালপাড়ার সব মানুষের পক্ষ থেকে মির্জা ফয়সল আমিন ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বিনা রানী পাল বলেন, এবার আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীকে ভোট দিয়েছি। তাকে আমরা বলেছিলাম, আপনাকে নির্বাচিত করব, তবে আমাদের একটি সেতু করে দিতে হবে। আমরা আমাদের কথা রেখেছি, তিনিও তার কথা রেখেছেন। এখন সেতুর অনুমোদনের খবর শুনে মনে হচ্ছে, আমাদের সেই দুর্ভোগ আর থাকবে না।
স্থানীয় আরেক বাসিন্দা সমসের আলী বলেন, আওয়ামী লীগ সরকারের পুরো সময়টাতেই শুনেছি সেতু হবে, কিন্তু হয়নি। এবার বিএনপি সরকারের সময়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আমাদের সেতুর স্বপ্ন পূরণের ব্যবস্থা করেছেন। সংসদ সদস্য ফয়সল আমিন জানিয়েছেন, চলতি মাসেই সেতুর দরপত্র আহ্বান করা হবে। খবরটি শুনে খুব ভালো লাগছে। এখন চাই, দ্রুত নির্মাণ কাজ শুরু হোক।
রনি পাল ও ভিম পাল নামে দুই যুবক বলেন, নদীর ওপারে অন্তত ১০টি গ্রামের মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করেন। প্রায় তিন দশক ধরে বাশের সাকোর ওপর নির্ভর করে চলতে হচ্ছে। কৃষিপণ্যসহ প্রয়োজনীয় জিনিসপত্র আনা-নেওয়ার ক্ষেত্রে অনেক সময় সাত কিলোমিটার ঘুরতে হয়। এখন সেতুর অনুমোদন হয়েছে, তাই দ্রুত নির্মাণকাজ শুরু হোক, এটাই আমাদের প্রত্যাশা।
স্থানীয় বিএনপি নেতা মীর জাহিদ হাসান বলেন, পালপাড়া ঘাটে সেতু নির্মাণ এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। বছরের পর বছর জনপ্রতিনিধিদের কাছে ধরনা দিয়েও মানুষ সেতু পায়নি। বর্তমান সরকারের সময়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থানীয় সংসদ সদস্য মির্জা ফয়সল আমিনের উদ্যোগে সেই দাবি বাস্তবায়নের পথে এগিয়েছে। দ্রুত দরপত্র ও নির্মাণপ্রক্রিয়া সম্পন্ন করে সেতুর কাজ শুরু করা হোক। সেতুটি নির্মিত হলে এলাকার কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ অন্তত ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
এ বিষয়ে ঠাকুরগাঁও এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. ফরহাদ হোসেন সৌরভ বলেন, তিনটি সেতুর অনুমোদন পাওয়া গেছে। এর মধ্যে আকচা ইউনিয়নের টাঙ্গন নদীর পালপাড়া ঘাটে ৯০ মিটার দীর্ঘ একটি সেতু রয়েছে। চলতি মাসে দরপত্র আহ্বানের প্রক্রিয়া রয়েছে। দরপত্রসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে ঠিকাদার নিয়োগের মাধ্যমে জানুয়ারির দিকে নির্মাণকাজ শুরু করা হবে।
_Rs_






















