জয়পুরহাটে পৃথক দুটি ঘটনায় ট্রেনে কাটা পড়ে এক যুবক ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের দেওয়ানপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবক এবং রোববার (১৫ নভেম্বর) সকালে পাঁচবিবি রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মৃত্যু হয়।
শনিবার রাতে নিহত যুবকের নাম সুভাষ উড়াও (২৫)। তিনি শহরের চিত্রা পাড়া এলাকার সন্তোষ উড়াওয়ের ছেলে। অন্যদিকে রোববার সকালে নিহত বৃদ্ধার বয়স আনুমানিক ৬০ বছর। তবে তার পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে শহরের দেওয়ানপাড়া এলাকায় রেললাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সুভাষ উড়াও ঘটনাস্থলেই মারা যান। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে রোববার সকাল ৯টার পরপর চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি পাঁচবিবি রেলস্টেশন অতিক্রম করার সময় ওই বৃদ্ধা ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে সেখানে ভিড় করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী সুভাষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
পাঁচবিবি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, বৃদ্ধার মরদেহ দেখে বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তবে ওই বৃদ্ধার পরিচয় জানা যায়নি।
_Rs_



















