১৫ নভেম্বর, ২০০৭। দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল উপকূলজুড়ে। বাগেরহাটের শরণখোলা উপজেলার বগী এলাকায় সেদিন বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহাগকে মায়ের বকুনি খেতে হয়। সন্ধ্যা পার হতেই হঠাৎ বাতাসের গতি বেড়ে যায়। ভয় পেয়ে মায়ের কোলঘেঁষে বসে ছিল সে। কিছুক্ষণ পর ঘরের মধ্যে পানি উঠতে শুরু করে। পরিবারের সাত সদস্য দ্রুত পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। ১৯ বছর আগের সেই ভয়াল রাতের কথা বলতে গিয়ে বারবার বাকরুদ্ধ হয়ে যাচ্ছিলেন সোহাগ।
তিনি বলেন, রাত বাড়তে থাকলে পাশের বাড়ির ঘরেও পানি উঠতে থাকে। লোকজনের ডাক-চিৎকারে সবাই বাইরে আসি। চারদিকে তখন পানি আর কচুরিপানা। অন্ধকারের মধ্যেই পরিবারের সদস্যরা হাত ধরাধরি করে আশ্রয়কেন্দ্রের দিকে যাচ্ছিলাম। হঠাৎ স্রোতের তোড়ে আমার হাত ছুটে যায়। কী করব, ভালো সাঁতারও জানি না। এর মধ্যে বড় একটি ঢেউ আমাকে ছুড়ে ফেলে মোটা একটি গাছের ওপর। সেই গাছ ধরেই বেঁচে যাই। পরদিন সকালে নেমে এসে পরিবারের সদস্যদের খুঁজতে থাকি। কিন্তু বাবা-মাসহ ছয়জনকে আর খুঁজে পাইনি। চার দিন পর মায়ের এবং দশ দিন পর বাবার মরদেহ পাই।
প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরে সরকারি হিসাবেই বাগেরহাট জেলায় প্রাণ হারান ৯০৮ জন, আহত হন ১১ হাজার ৪২৮ জন। সম্পূর্ণ বিধ্বস্ত হয় ৬৩ হাজার ৬০০ বাড়িঘর। আংশিক বিধ্বস্ত হয় ১ লাখ ৬ হাজার বাড়িঘর।
একই উপজেলার সাউথখালী এলাকার বাসিন্দা আল আমিন সেদিন সন্ধ্যার কিছু আগে কেনাকাটা করতে তাফালবাড়ি বাজারে যান। বৃষ্টি বাড়ায় আর বাড়ি ফিরতে পারেননি।
তিনি বলেন, বাতাসের গতি বাড়লে আমি বাজারের একটি ভবনে আশ্রয় নিই। সারা রাত কী তাণ্ডব ছিল বাতাসের! দুশ্চিন্তায় রাত কেটেছে। ভোরের দিকে বাতাস কমলে রাস্তায় বের হয়ে দেখি শুধু গাছ আর গাছ। হাঁটার কোনো উপায় ছিল না। অনেক কষ্টে বাড়িতে গিয়ে দেখি ঘরবাড়ির কোনো চিহ্ন নেই। বাড়িতে থাকা বাবা আব্দুর রহমান, মা সুপিয়া বেগম, ফুফু হায়াতুননেছা, ফুফাতো বোন হনুফা ও ফাতেমা, ভাগনে আবু হানিফ এবং নানি নুর বানুকে আর খুঁজে পাইনি। পরের কয়েক দিন ধানখেত, মানুষের বাগানসহ বিভিন্ন জায়গা থেকে তাদের মরদেহ এনে কবর দিয়েছি।
এত ক্ষয়ক্ষতি আর স্বজন হারানোর বেদনার মধ্যেও শরণখোলা-মোড়েলগঞ্জবাসীর একমাত্র দাবি ছিল টেকসই বেড়িবাঁধ। ২০২৩ সালে ৩০০ কোটি টাকা ব্যয়ে মোড়েলগঞ্জ থেকে শরণখোলা উপজেলার বগী-গাবতলা পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণ শেষে বছর যেতে না যেতেই বাঁধের শরণখোলা অংশের বগী, গাবতলা, সাউথখালী এবং মোড়েলগঞ্জের আমতলা, ফাসিয়াতলাসহ একাধিক স্থানে ফাটল ধরেছে। ব্লক ধসে বলেশ্বর নদে বিলীন হচ্ছে। ফলে আবারও ভাঙনের আতঙ্ক ও জমি-ঘর হারানোর ভয়ে আছেন স্থানীয়রা।

সাউথখালী ইউনিয়নের গাবতলা গ্রামের লিটন শেখ বলেন, ২০০৭ সালে সিডরে বিধ্বস্ত হওয়ার পর আমাদের এলাকার মানুষের চাওয়া ছিল টেকসই বেড়িবাঁধ ও নদী শাসন। বেড়িবাঁধ হয়েছে ঠিকই, কিন্তু টেকসই হয়নি। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে, কিছু জায়গা দেবে গেছে। সিডর-আইলার সময় বেড়িবাঁধ ছাড়া মানুষ যেমন আতঙ্কে ছিল, এখনো ভয় সেরকমই আছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ২০১৬ সালে প্রায় ৬২ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন সরকার। কোস্টাল এমব্যাংকমেন্ট ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে এ কাজের দায়িত্ব পায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএইচডব্লিউই। ২০১৯ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় শেষ হয় ২০২৩ সালে। তবে নির্মাণকাজ শেষ হওয়ার এক বছরের মধ্যেই বাঁধের বিভিন্ন স্থানে ফাটল ও ভাঙন দেখা দেয়।
স্থানীয় বাসিন্দা হেমায়েত হাওলাদার বলেন, বিগত দিনে বলেশ্বর নদের ভাঙনে আমরা প্রায় নিঃস্ব হয়ে পড়েছি। আবারও জমিজমা হারানোর শঙ্কা রয়েছে। ভাঙনের ফলে সাউথখালীর অনেকেই ভূমিহীন হয়ে অন্যত্র চলে গেছেন। বলেশ্বর আমাদের শেষ করে দিয়েছে।
জাকির হোসেন হাওলাদার নামের আরেক বাসিন্দা বলেন, নদী শাসন না করে বাঁধ নির্মাণ করায় ভাঙন সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময় ভাঙনে বাঁধের বাইরের বিঘার পর বিঘা জমি বিলীন হয়ে গেছে। এখন ভাঙন মূল বাঁধে আঘাত করেছে।
এ বিষয়ে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্তু পাল বলেন, নদী ভাঙতে ভাঙতে বাঁধের একদম কাছে চলে এসেছে। বাঁধ রক্ষার জন্য আমাদের সমীক্ষা চলছে। বাঁধটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
_Rs_





















