এমনকি ছুটির দিনেও কাজ নিয়ে আলোচনা করেন তারা। কাজের মধ্যে ডুবে থাকলে সময়ের হিসাবও আর মাথায় থাকে না তার। আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, কত ঘণ্টা কাজ করছি, তা গুনে রাখা সম্ভব নয়। তবে একজন রয়েছেন, যিনি সেই হিসাবটা ঠিকই রাখেন। আর তিনি আমার স্বামী। বারবার আমাকে ফোনটা সরিয়ে রাখতে বলেন। কিন্তু কোনো কাজের প্রতি যখন আপনার সত্যিকারের ভালোবাসা থাকে, তখন আর ঘণ্টার হিসাব বা ঘড়ির দিকে নজর থাকে না। এমন অনেক দিন হয়েছে, যখন ছুটির দিনেও আমরা কাজ নিয়ে আলোচনা করেছি।
ব্যবসার পাশাপাশি অভিনয় ও সংসার সামলানো যে সহজ নয়, সেটিও স্বীকার করেছেন ক্যাটরিনা। বিয়ে, মাতৃত্ব ও পেশাগত দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখতে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন তিনি।
জীবনের বিভিন্ন দায়িত্বের মধ্যে সমন্বয় করার চ্যালেঞ্জ নিয়ে অভিনেত্রী বলেন, নিজের প্রতি একটু সদয় হতে হবে। নিজেকে সময় দিতে হবে, একটু স্বস্তির জায়গা দিতে হবে। জীবনের প্রতিটি নতুন ভূমিকার সঙ্গে মানিয়ে নিতে সময় লাগে। আপনি অভিনেত্রী হন, ব্যবসায়ী কিংবা স্ত্রী বা মা- সবকিছুর মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রাখবেন, তা বুঝে নেওয়ার জন্য নিজেকে সময় দিতে হবে।
অভিনয় থেকে সাময়িক বিরতিতে থাকলেও ব্যবসায় নিজের অবস্থান ধরে রেখেছেন ক্যাটরিনা। অন্যদিকে স্ত্রীকে কাজের ব্যস্ততা থেকে কিছুটা বিরতি নেওয়ার কথা মনে করিয়ে দিয়ে পাশে থাকছেন ভিকি কৌশল। সব মিলিয়ে কাজ ও সংসারের দায়িত্ব সামলে নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন এই অভিনেত্রী।
ডিএস,/






















