মুন্সীগঞ্জের গজারিয়ায় পৃথক ঘটনায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন ও গলায় ফাঁস দিয়ে এক ব্যবসায়ীসহ দুইজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। একই এলাকায় একদিনে দুটি আত্মহত্যার ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার ভবেরচর ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে। নিহতরা হলেন: ভবেরচর কলেজ রোড এলাকার মৃত ইব্রাহিম ঢালীর ছেলে ব্যবসায়ী হান্নান ঢালী (৫১) এবং একই ইউনিয়নের ভবেরচর গ্রামের আক্তার হোসেনের ছেলে রাহিম (১৭)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন সমস্যার জেরে রবিবার সকাল ৮টার সময় নিজ বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন ব্যবসায়ী হান্নান ঢালী। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। ভবেরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদত আলী বলেন ব্যবসায়ী হান্নান ঢালী অনেক টাকা ধারদেনায় জর্জরিত হয়ে যায় এবং ছেলেটায় মোটরসাইকেল না কিনে দেওয়ায় আত্মহত্যা করে বলে বিষয়টি জানতে পেরেছি।
অপরদিকে, একই দিন সকাল এগারোটার সময় ভবেরচর গ্রামে মোটরসাইকেল কিনে দেওয়ার আবদার পূরণ না হওয়ায় পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কিশোর রাহিম।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে আশঙ্কাজনক অবস্থায় হান্নান ঢালীকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় রেফার্ড করা হয়।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ বলেন, ‘স্থানীয় সূত্রের মাধ্যমে দুটি ঘটনার খবরই আমি পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে; বিস্তারিত পরে জানাবো।’
ডিএস./



















