বড়দিনের সিনেমা বললেই অনেকের মনে ভেসে ওঠে ‘হোম অ্যালোন’র দুষ্টু-মিষ্টি কেভিন ম্যাককলিস্টারের মুখ। সেই শিশু কেভিন আর ছোট্টটি নেই। তিনি এখন মাঝবয়সী। ১৯৯০ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় এই সিনেমার সেই শিশু অভিনেতা ম্যাকলে কালকিন আবারও ফিরতে যাচ্ছেন পরিচিত চরিত্রে। প্রায় ৩৫ বছর পর নতুন করে তৈরি হচ্ছে ‘হোম অ্যালোন’ ফ্র্যাঞ্চাইজির সিনেমা।
শুধু অভিনয়ই নয়, সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজেও যুক্ত থাকছেন কালকিন।
দ্য ডনের এক প্রতিবেদনের বরাতে ডন জানিয়েছে, নতুন সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজে ম্যাকলে কালকিনের সঙ্গে থাকছেন প্রযোজক সেথ রোজেন ও ইভান গোল্ডবার্গ। তবে সিনেমাটির নির্মাণ, মুক্তির তারিখ কিংবা অন্যান্য অভিনয়শিল্পী সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।
এর আগে গত নভেম্বরে এক সাক্ষাৎকারে ‘হোম অ্যালোন’-এ ফেরার আগ্রহের কথা জানিয়েছিলেন কালকিন। তবে তার শর্ত ছিল, গল্পটি হতে হবে যথাযথ। তখন সিনেমার সম্ভাব্য কাহিনি সম্পর্কেও ধারণা দিয়েছিলেন তিনি।
কালকিনের ভাবনা অনুযায়ী, নতুন সিনেমায় কেভিনকে দেখা যাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে। তিনি হয়তো স্ত্রীকে হারিয়েছেন, নয়তো বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে গেছেন। তার একটি ছেলে থাকবে, যে বাবার কাজকে পরিবারের চেয়ে বেশি গুরুত্ব দেওয়ায় ক্ষুব্ধ। একপর্যায়ে ছেলেই বাবার জন্য নানা ফাঁদ তৈরি করবে। অর্থাৎ এবার ফাঁদ পাতার ভূমিকায় থাকবে কেভিনের ছেলে, আর বিপাকে পড়বেন বড় হয়ে যাওয়া কেভিন।
তবে নতুন সিনেমার খবর সামনে আসার আগেই এ উদ্যোগ নিয়ে সংশয় প্রকাশ করেন মূল ‘হোম অ্যালোন’ সিনেমার পরিচালক ক্রিস কলম্বাস। ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নতুন প্রকল্পের বিষয়ে তিনি কিছুই জানতেন না।
কলম্বাসের মতে, অভিনেত্রী ক্যাথরিন ও’হারা ছাড়া ‘হোম অ্যালোন’ ফিরিয়ে আনা কঠিন। সিনেমায় কেভিনের মায়ের চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী গত জানুয়ারিতে মারা গেছেন। কলম্বাস বলেন, ‘ক্যাথরিন সব সময়ই আমার কাছে হোম অ্যালোনের ৫০ শতাংশ।’
তার ভাষায়, ক্যাথরিন ও’হারা ও ম্যাকলে কালকিন- এই দুজনই সিনেমাটির আবেগের কেন্দ্রবিন্দু। তাদের একজনকে ছাড়া সেই আবহ ফিরিয়ে আনা সম্ভব নয়।
এর আগেও ‘হোম অ্যালোন’ নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়ে আপত্তি জানিয়েছিলেন কলম্বাস। তার মতে, ৩৫ বছর আগের সেই বিশেষ সময় ও আবহ আর ফিরিয়ে আনা সম্ভব নয়। পুরোনো সাফল্য পুনরায় তৈরি করার চেষ্টা করাকে ভুল বলেও মনে করেন তিনি।
এদিকে নতুন সিনেমায় কালকিনের ফেরার খবরে নস্টালজিয়ায় ভাসছেন ভক্তরা। তবে কেভিনের প্রত্যাবর্তন শেষ পর্যন্ত কতটা সফল হয়, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণা ও সিনেমাটির পরবর্তী অগ্রগতির জন্য।
ডিএস./

























