দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৪৬ রানে বেঁধে ফেলেছে বাংলাদেশ। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২৪৭ রান। জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে স্বাগতিকরা।
স্কোর: ২৪৬/৭ (৫০ ওভার)।
উইলিয়ামসকে ফেরালেন সাইফউদ্দিন
দ্বিতীয় স্পেলে ফিরে দ্বিতীয় ওভারে জিম্বাবুয়ে শিবিরে আঘাত হেনেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ফিরিয়ে দিয়েছেন ফিফটির পথে থাকা শেন উইলিয়ামসকে। অফ স্টাম্পের বল উইলিয়ামসের ব্যাটের কানা ছুঁয়ে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের গ্লাভসে জমা পড়ে। ৩ রানের জন্য ফিফটি পাননি উইলিয়ামস। ৩৮ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ৪ উইকেটে ১৮৮।
এসেই টেলর-কাঁটা সরালেন মাহমুদউল্লাহ
বাংলাদেশের গলার কাঁটা হয়ে গিয়েছিলেন ব্রেন্ডন টেলর। ফিফটি তুলে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। শেন উইলিয়ামসের সঙ্গে তার তৃতীয় উইকেট জুটিও পঞ্চাশ ছাড়িয়েছিল। জুটি ভাঙতে মাহমুদউল্লাকে আক্রমণে আনেন অধিনায়ক মাশরাফি। আর প্রথম ওভারেই টেলরকে ফিরিয়ে ৭৭ রানের জুটি ভেঙেছেন মাহমুদউল্লাহ।
অফ স্পিনারের বলে রিভার্স সুইপ করতে গিয়ে টেলর এলবিডব্লিউ হয়েছেন ৭৫ রানে। ৭৩ বলে ৯ চার ও এক ছক্কায় ইনিংসটি সাজান জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তার বিদায়ের সময় জিম্বায়ের স্কোর ৩ উইকেটে ১৪৭ রান। উইলিয়ামসের সঙ্গে যোগ দিয়েছেন সিকান্দার রাজা।
টেলর-উইলিয়ামস জুটির পঞ্চাশ
বাঁচা-মরার ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে জিম্বাবুয়ে। তৃতীয় উইকেটে পঞ্চাশ রানের জুটি গড়েছেন ব্রেন্ডন টেলর ও শেন উইলিয়ামস। ৭৬ বলে ছুঁয়েছে জুটির পঞ্চাশ। ২৫ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ২ উইকেটে ১২১। টেলর ৫৮ ও উইলিয়ামস ২৩ রানে অপরাজিত আছেন।
টেলরের ফিফটি
মিরপুরে প্রথম ওয়ানডেতে বড় রান পাননি। করেছিলেন মাত্র ৫ রান। তবে চট্টগ্রামে ফিফটি পেয়েছেন ব্রেন্ডন টেলর। ৫২ বলে ফিফটি করতে ৬টি চার ও একটি ছক্কা হাঁকান ডানহাতি ব্যাটসম্যান। গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৮ রানের পর এই প্রথম পঞ্চাশ ছুঁলেন টেলর। এই মাঠে ওয়ানডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের (১১৮) রেকর্ড তারই।
জিম্বাবুয়ের একশ
২০ ওভার ৪ বলে একশ ছুঁয়েছে জিম্বাবুয়ের স্কোর। ২১ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ২ উইকেটে ১০০ রান। ব্রেন্ডন টেলর ৪৪ ও শেন উইলিয়ামস ১৬ রানে অপরাজিত আছেন।
রিভিউ নিয়ে বাঁচলেন টেলর
মেহেদী হাসানের বলে ব্রেন্ডন টেলরকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। টেলর চান রিভিউ। রিপ্লেতে দেখা যায়, বল স্টাম্প মিস করত। পাল্টে যায় সিদ্ধান্ত। ৪২ রানে বেঁচে যান টেলর।
মিরাজের প্রতিশোধ
আগের বলে মেহেদী হাসান মিরাজকে চার মেরেছিলেন। পরের বলেই চেফাস ঝুওয়াওকে আউট করে মধুর প্রতিশোধ নিলেন মিরাজ। অফ স্পিনারকে ওড়াতে গিয়ে লং অফে ফজলে মাহমুদের হাতে ধরা পড়েন ২৭ বলে ২০ রান করা জিম্বাবুয়ে ওপেনার। তার বিদায়ে ভাঙে ৫২ রানের দ্বিতীয় উইকেট জুটি। ১২ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ২ উইকেটে ৭০। ব্রেন্ডন টেলরের সঙ্গে যোগ দিয়েছেন শেন উইলিয়ামস।
পাওয়ার প্লেতে এক উইকেট
প্রথম পাওয়ার প্লেতে জিম্বাবুয়ের এক উইকেট নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে ফিরিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ১০ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ১ উইকেটে ৫৭ রান। ব্রেন্ডন টেলর ২৪ ও চেফাস ঝুওয়াও ১৪ রানে অপরাজিত আছেন।
পঞ্চম ওভারে বোলিংয়ে পরিবর্তন আনেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক নিজে দুই ওভারের সংক্ষিপ্ত স্পেল শেষ করে তুলে দেন মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে। নিজের প্রথম ওভারেই দলকে ব্রেক থ্রু এনে দিয়েছেন তরুণ পেসার। ফিরিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে। অফ স্টাম্পের স্লোয়ার বল জায়গায় দাঁড়িয়ে ড্রাইভ করেছিলেন মাসাকাদজা। বল ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে। মাসাকাদজা ১৪ রান করে ফেরার সময় জিম্বাবুয়ের স্কোর ১ উইকেটে ১৮।
বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। জিম্বাবুয়ের একাদশে এসেছেন এল্টন চিগুম্বুরা। ক্রেইগ আরভিনের জায়গায় খেলবেন চিগুম্বুরা।
বাংলাদেশ একাদশ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বী, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মু্স্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।
জিম্বাবুয়ে একাদশ
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), চেফাস ঝুওয়াও, এল্টন চিগুম্বুরা, ব্রেন্ডন টেলর, শেন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড ত্রিপানো, ব্রেন্ডন মাভুতা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।
টস
আবারো টস জিতলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক এবার আগে ফিল্ডিং নিলেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর আড়াইটায়।
শিশির ভাবনায় ফিল্ডিংয়ে বাংলাদেশ
শিশির ভাবনায় টস হয়ে গিয়েছিল মহাগুরুত্বপূর্ণ। মহাগুরুত্বপূর্ণ টসে জিতলেন মাশরাফি। শিশির ভাবনায় অধিনায়ক নিলেন ফিল্ডিং। আগে ফিল্ডিং করায় পরে ব্যাটিংয়ে নিশ্চিতভাবেই সুবিধা পাবে বাংলাদেশ। বল গ্রিপ করতে পারবেন না স্পিনাররা। পেসারদেরও একই পরীক্ষার মুখোমুখি হতে হবে। প্রতিপক্ষকে সামলানোর থেকে শিশির নিয়েই বেশি ভাবতে হবে জিম্বাবুয়েকে।
২৩তম সিরিজ জয়ের হাতছানি
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। আজ জিতলেই বাংলাদেশ জিতবে ২৩তম ওয়ানডে সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৯টি ওয়ানডে সিরিজ। আজ জিতলে দুই অঙ্কের ঘরে প্রবেশ করবে বাংলাদেশ।
বিবি/ ইএম




















