বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খলিল রহমানকে (৬৫) দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করেছে।
উপজেলার চালিতাতলী গ্রামে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তিন-চারজন দুর্বৃত্ত বোরকা পরিহিত অবস্থায় সিঁধ কেটে ঘরের ভেতরে ঢুকে খলিলকে হত্যা করেছে বলে দাবি করেছেন নিহতের স্ত্রী লিলি বেগম।
তিনি বলেন, শুক্রবার রাত আড়াইটার দিকে সিঁধ কেটে তিন-চারজন লোক ঘরে ঢুকে পড়ে এবং তাকে বেঁধে ফেলে। এরপর তারা আমার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে চলে যায়।
খলিল মোল্লার তিন ছেলে ও তিন মেয়ে, তারা সবাই ঢাকায় থাকেন। স্ত্রীকে নিয়ে তিনি একাই বাড়িতে থাকতেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, সদর উপজেলার চালিতাতলী গ্রামের বাড়িতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খলিল মোল্লাকে কয়েকজন দুর্বৃত্ত রাতের অন্ধকারে ঘরে ঢুকে শ্বাসরোধ করেছে।
তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
বিবি/জেজে




















