কক্সবাজার জেলা আওয়ামীলীগ ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি একে আহামদ হোসেন (৭৯) আর নেই।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল ৭ টার দিকে তিনি কক্সবাজারস্থ আল ফুয়াদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.. রাজেউন)। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ৭ পুত্র ও ৬ কন্যা সন্তান রেখে যান। মরহুম আহামদ হোসেনের প্রথম নামাজে জানাযা বৃহস্পতিবার আছরের নামাজের পর হাসেমিয়া কামিল মাদ্রাসা মাঠে ও দ্বিতীয় নামাজে জানাযা রাত ৮ টার পর উখিয়া উপজেলার মরিচ্যা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখা পালং গ্রামের বাসিন্দা মরহুম হাজী আবদুল আলী সিকদারের পুত্র এডভোকেট একে আহামদ হোসেন ১৯৭৪ সালের ৬ জুলাই কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। ২০১৫-১৬ সালে তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। মরহুম আহামদ হোসেন ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি, সায়মুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামীলীগ ও আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন। ###
বিবি/ ইএম




















