আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনাকে কেন্দ্র করে দিনাজপুরের হিলিতে সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নির্বাচনকে ঘিরে পুলিশের তৎপরতা সম্পর্কে জনগনের মাঝে জানান দিতে মোটরসাইকেল শোডাউন করেছে হাকিমপুর থানা পুলিশ।
হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলামের নেতৃত্বে হাকিমপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ, এস আই, এএসআই, কনষ্টবলগন সহ ৪০জন পুলিশ সদস্যের সমন্বয়ে প্রায় ২০টি মোটরসাইকেল নিয়ে একটি মোটরসাইকেল শোডাউন বের করা হয়। শোডাউনটি আজ বৃহস্পতিবার বেলা ১২টায় থানা চত্বর থেকে বের হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত হিলি স্থলবন্দর, বাংলাহিলি বাজারসহ পুরো হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে। পরে একই স্থানে গিয়ে শেষ হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি.তদন্ত) মো.রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলামের নেতৃত্বে হিলির সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নির্বাচনকে ঘিরে পুলিশের তৎপরতা সম্পর্কে জনগনের মাঝে জানান দিতে, সকল ধরনের অপকর্ম ও নাশকতা রুখতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে।
বিবি / ইএম




















