রাজশাহী নগরীতে ট্রাকের ধাক্কায় আবুল হোসেন (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন জেলার গোদাগাড়ী উপজেলা গোলাই এলাকার নাজির হোসেনের ছেলে।
কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত আবুল হোসেন কাশিয়াডাঙ্গা এলাকার একটি দোকানের কর্মচারী ছিলেন। সকালে সাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। পথে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মহাসড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান আবুল হোসেন।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেন স্থানীয়রা। এসময় সেখানকার দায়িত্বরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। এনিয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে জানান ওসি।
এদিকে, রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে হাসপাতালে নেয়া হয় আবুল হোসেনকে। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, তিনি মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। পরে মরদেহ মর্গে নেয়া হয়।
বিবি/রেআ





















