লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে আওয়ামী লীগের চারজন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত নিজ নিজ অনুসারীদের নিয়ে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
তাদের মধ্যে রয়েছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন, কমলনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শামছুল কবির, একই আসনের সাবেক সংরক্ষিত নারী সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এবং দলটির কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সহ-সম্পাদক আবদুজ্জাহের সাজু। দলীয় সূত্রে জানা যায়, আগামী নির্বাচন প্রতিদ্বদ্বিতাপূর্ণ ও বহুদলের অংশগ্রহণমূলক হবে- এটা মাথায় রেখেই ক্লিন ইমেজসম্পন্ন প্রার্থী দেখে তালিকা তৈরি করা হচ্ছে।
এবারের নির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্য কারো কোনো সুপারিশ বা তদবির কাজে আসবে না। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সোর্সের মাধ্যমে সংগ্রহ করা তথ্য এবং তৃণমূলে প্রার্থীর অবস্থান দেখে তালিকা চূড়ান্ত করা হচ্ছে। যার ফলে এই আসনে ক্লিন ইমেজসম্পন্ন প্রার্থীদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে। লক্ষ্মীপুরর-৪ আসনের বর্তমান এমপি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে একাট্টা স্থানীয় আওয়ামী লীগ। তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে। সেখানে মনোনয়ন চান ড. শামসুল কবির, সাবেক এমপি ফরিদুন্নাহার লাইলী, আব্দুজ্জাহার সাজু। তাদের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই। একাধারে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ায় ড. শামছুল কবিরকেই এগিয়ে রাখছেন স্থানীয়রা।
এবিষয়ে জানতে চাইলে ড. শামছুল কবির বলেন, ‘জননেত্রী যদি আমাকে মনোনয়ন দিয়ে নির্বাচন করার সুযোগ দেন, আমি নির্বাচিত হলে লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগরের সাধারণ মানুষের ভাগ্য বিনির্মাণে অবদান রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো। আমি রামগতি ও কমলনগরের সকল সাধারণ মানুষের সহযোগিতা ও দোয়া প্রার্থণা করছি।’




















