গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোল্লাপাড়ায় জুলেখা বেগম ( ২৮) নামে এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে তার স্বামী ইলিম ফকির পলাতক রয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডের মোল্লাপাড়া রেশমির টেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জুলেখা টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বাশকাইল এলাকার আমির হামজার মেয়ে। ইলিম একই থানার পালপাড়া ফকিরবাড়ি এলাকার কুদ্দুছ ফকিরের ছেলে। জুলেখা উপজেলার মোল্লাপাড়ার আবু সাইদ মোল্লার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মন্ডল কারখানায় চাকরি করতেন এবং তার স্বামী রাজমিস্ত্রীর হেলপার হিসেবে কাজ করেন।
পাশের রুমের ভাড়াটিয়া রাজিয়া বেগম জানান, প্রতিদিন জুলেখা সকাল ৮টায় কারখানায় যেতেন এবং স্বামী উপজেলার বিভিন্ন জায়গায় কাজ করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে জুলেখা কারখানায় চলে যায়। পরে রাতে কারখানা থেকে ফিরে রাত আনুমানিক ১০টার দিকে তার স্বামী ইলিমকে রান্না করতে দেখে জুলেখার কথা জানতে চাইলে বলে ঘুমাচ্ছে।
তিনি বলেন, পরের দিন শুক্রবার সকালে আমি কাজে চলে যাই। বিকেল ৫টার দিকে কারখানা থেকে বাড়ি ফেরার পর জুলেখার মা-বাবা গ্রামের বাড়ি থেকে জুলেখার সাথে কথা বলার জন্য ফোন করে। এসময় তার রুমে তালা মারা এবং রুমের লাইট জ্বালানো দেখে রুমের ছিদ্র দিয়ে তাকিয়ে তার মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেই। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসের জানান, খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে জুলেখার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে জুলেখাকে তার স্বামী বালিশ চাপাদিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনার পর রুমে তালা দিয়ে ইলিম ফকির পলাতক রয়েছে।
বিবি/জেজে




















