চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে বিদ্যুৎস্পর্শে বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মচারী মো. নাছির উদ্দিন (৫৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাছির উপজেলার বাড়বকুণ্ড হাশেমনগর এলাকার মৃত গোলাম রহমানের ছেলে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল্লাহ হারুন পাশা বলেন, নাছির পিডিবির বিদ্যুৎ লাইনে কাজ করছিলেন। তখন বিদ্যুতের লাইনটি বন্ধ ছিল।
কাজ চলাকালীন হঠাৎ করে তারে বিদ্যুৎ চলে এলে তিনি বিদ্যুৎস্পর্শ হন। আমরা ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতের তারে ঝোলানো অবস্থা থেকে তার লাশ নিচে নামিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে বুঝিয়ে দিই।
বাড়বকুণ্ড বিদ্যুৎ অফিসের সাব-অ্যাসিসট্যান্ট ইঞ্জি. পলাশ জানান, নাছির বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান ছিলেন। লাইন বন্ধ থাকাবস্থায় তিনি কাজ করছিলেন।
ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত কোনো জেনারেটর থেকে বৈদ্যুতিক তারে বিদ্যুৎ চলে যায়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত রিপোর্ট ফেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
বাড়বকুণ্ড বাজার কমিটির সেক্রেটারি মো. ইউসুফ বলেন, বিদ্যুৎ কর্মী নাছিরের বাড়ি কিশোরগঞ্জ হলেও তিনি বাড়বকুণ্ড থেকে বিয়ে করে দীর্ঘদিন এখানে বসবাস করে আসছিলেন।
বিবি/রেআ





















