নিখোঁজের পাঁচ দিন পর পাবনায় হলুদ ক্ষেত থেকে অনিক মাহমুদ অনি বাবু (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার সকাল ৯ টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলার দুবলিয়া পুলিশ ফাঁড়ির সামনে হলুদের ক্ষেত থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত অনি বাবু দুবলিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে (টিনের দোকানদার) এবং দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় অনি বাবু তার বাবার টিনের দোকানে দেখতে গেলে তার বাবা রবিউল প্রামানিক তাকে বাড়ি যেতে বলে। সে দোকান থেকে বেড়িয়ে আর বাড়িতে যায়নি। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পরদিন ২৭ নভেম্বর আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়েরী করেন বাবা রবিউল প্রামানিক। শুক্রবার (৩০ নভেম্বর) সকালে দুবলিয়া পুলিশ ক্যাম্পের সামনে বাগানের ভেতরে শেয়াল কিছু একটা টানাটানি করছে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে ওই বাগানের মধ্যে মাটির নিচে পুঁতে রাখা স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।

খবর পেয়ে জেলা পুলিশ ও র্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। হত্যার পর তাকে মাটির নিচে পুঁতে রেখেছিল হত্যাকারীরা। তবে কারা কি কারণে অনি বাবু কে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আমরা তদন্ত করছি, আশা করছি দ্রুত হত্যার রহস্য উদঘাটন হবে। তবে প্রেম ঘটিত কারণে এমন ঘটনা ঘটতে পারে।
তিনি আরে জানান, হত্যাকান্ডে জড়িত সন্দেহে অনি বাবুর দুই সহপাঠীকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পঠানো হয়েছে।
বিবি/জেজে





















