জাতির শ্রেষ্ঠ সন্তান, মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান বিজয় দিবসের ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।
রবিবার ভোর সাড়ে ৬টার দিকে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি দেন রাষ্ট্রপতি। এরপর প্রধানমন্ত্রী ফুল দিয়ে বীর শহীদদের স্মরণ করেন। কিছুক্ষণ নীরবে সেখানে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় একাত্তরের শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানায় তিন বাহিনীর একটি চৌকশ দল।
রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সভাপতি হিসেবে নেতাকর্মীদের নিয়ে দলের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ ত্যাগের পর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার।
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। শহীদদের বেদীতে এখন চলছে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন, সংস্থাসহ আপামর জনসাধারণের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। ঢল নেমেছে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মরণে সর্বস্তরের মানুষের পুষ্প সমর্পণের।
এদিকে, মহান বিজয় দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৮টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।
পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। তারপর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন এবং সর্বস্তরের জনতা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
বিবি/জেজে





















