শনিবার নড়াইলে আসছেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। নড়াইল-২ (লোহাগড়া-সদরের একাংশ) আসনের আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি তিনি। মাশরাফির অপেক্ষায় অনেকটা উদ্গ্রীব হয়ে ছিলেন নড়াইলের মানুষ। কখন তিনি নড়াইলে এসে রাজনৈতিক প্রচার কাজে অংশ নিবেন এই নিয়ে ছিলো ব্যাপক আলোচনা। অবশেষে সেই আলোচনার অবসান ঘটিয়ে শনিবার নড়াইল যাচ্ছেন মাশরাফি।
লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাশরাফির আত্মীয় ফয়জুল হক জানান, শনিবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে মাওয়া হয়ে লোহাগড়ার কালনা ঘাটে আসবেন মাশরাফি। সেখানে হবে প্রথম পথসভা। এরপর লোহাগড়ার কুন্দশী মোড় ও এড়েন্দা স্ট্যান্ডে পথসভা হবে। সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
ফয়জুল হক জানান, রবিবার সকাল ১০টায় লোহাগড়ার মিঠাপুর বাজারে পথসভায় অংশ নেবেন মাশরাফি। এরপর ঝামারঘোপ-কালীনগর, লাহুড়িয়া, মাকড়াইল, বাতাসি, শিয়রবর, মনিকগঞ্জ ও দেবী গ্রামে পথসভা করবেন। সেখানে শ্বশুরবাড়িতে কিছুক্ষণের বিরতির পর ছত্রহাজারি বাজার, মানিকগঞ্জ বাজার, সিডি বাজার, কালনা বাজার ও লংকারচর-পাংখারচরে পথসভায় বক্তব্য দেবেন।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এক দিনের খেলা শেষ হওয়ার পরই নড়াইলে আসবেন মাশরাফি- এমন ধারণা ছিল সবার। ইতিমধ্যে গত বৃহস্পতিবার ঢাকায় প্রধানমন্ত্রীর পাশে থেকে এলাকার নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সে যোগ দেন তিনি। ভোটের আর মাত্র কদিন বাকি। তাই সবার মধ্যে ভীষণ আগ্রহ তাকে এক নজর দেখার।
ক্রিকেটার থেকে রাজনীতিক মাশরাফি কেমন হবেন? কী কথা বলবেন? কীভাবে সামলাবেন নেতা-কর্মীদের? ভোটারদের সঙ্গে কীভাবে কথা বলবেন? কীভাবে ভোট চাইবেন? বক্তব্যই-বা কেমন হবে? এমনকি তিনি কী পোশাক পরবেন? এসব কৌতূহল ঘুরপাক খাচ্ছে নড়াইলবাসীর মনে।
বিবি/জেজে




















