ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক আগুনে পুড়ে গেছে একটি খোয়া বোঝাই ট্রাক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাকটিতে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে শনিবার রাত ১০টার দিকে ট্রাকটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহমেদ গণমাধ্যমকে বলেন, আগুন লাগার খবর পেয়ে তাদের দু্ইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ট্রাকটি সম্পূর্ণ পুড়ে যায়।
খোয়া বোঝাই ট্রাকটি ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে আশুলিয়ার জিরানী বাজার যাচ্ছিল। পথে চলন্ত অবস্থায় ট্রাকটিতে আগুন ধরে যায়।
ইঞ্জিনের সমস্যা থেকে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
বিবি/রেআ




















