২০১৪ সালের ২৬ ডিসেম্বর খুব গোপনেই বিয়ে করেন অভিনেতা নিরব। তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধির সঙ্গে এই দিনেই গাটছাঁড়া বাঁধেন।এদিন সন্ধ্যা ৭টায় ঢাকার ক্যান্টনমেন্টের বাসায় পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে নিরবের পরিবারের সদস্যদের পাশাপাশি তার ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
ঋদ্ধির সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থেকেই পরিণয়। পরিণয় সূত্রের ৪ বছর পূর্ণ করলেন এই দম্পতি। এরইমধ্যে সুহাইমা হোসেন যুওয়াইনাহ্ নামের এক কন্যা সন্তানের বাবা-মা হয়েছে তাঁরা। যুওয়াইনাহ্’র বয়স দেড় বছর। বিশেষ এই দিনে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি পোস্টও দিয়েছেন নিরব।
নিরব কালের কণ্ঠকে বলেন, ঋদ্ধি অসম্ভব সুন্দর মনের একজন মেয়ে, যার সাথে অনন্ত জীবন অতিক্রম করতে বিন্দুমাত্র বিরক্তিবোধ তৈরি হয় না। আমার পরিবারকে সে দশহাত দিয়ে সামলায়। আমি তার কাজে কর্মে মুগ্ধ হয়ে যাই, যদিও সেটা তাকে বুঝতে দেই না। আজ দাম্পত্য জীবনে আমরা পঞ্চম বর্ষে পা দিলাম, আমাদের জন্য সকলেই দোয়া করবেন।
নিরব বর্তমানে ‘আব্বাস’ ও ‘অফিসার রিটার্নস’ চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘টার্গেট’, ‘হৃদয়জুড়ে’, ‘রৌদ্রছায়া।’
বিবি/রেআ

























