একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯-পার্বত্য রাঙামাটি আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদার(নৌকা)। রাঙামাটির মোট ২০৩টি ভোট কেন্দ্রে পেয়েছেন, ১ লক্ষ৫৯ হাজার ২৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী সিংহের প্রতীকে ঊষাতন তালুকদার পেয়েছেন, ১ লক্ষ ০৮ হাজার ০৩৬ ভোট। এছাড়া ৬ প্রতিদ্বন্ধীর মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের বিএনপি প্রার্থী মণিস্বপন দেওয়ান ৩১ হাজার ৪৩৭ ভোট পেয়েছেন। জাতীয় পার্টির পারভেজ তালুকদার (লাঙ্গল) পেয়েছেন ৪৮৩ ভোট, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা (কোদাল) ৪৯০ ভোট, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মো. জসিম উদ্দিন (হাতপাখা) ১৫৫৮ ভোট পেয়েছেন। হাতে পাওয়া সব কেন্দ্রের ফলাফল অনুযায়ী এ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, নৌকা প্রার্থী দীপংকর তালুকদার।
সোমবার সর্বশেষ পাওয়া একাধিক তথ্যসূত্রে এ ফলাফল জানা যায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়নি।
জেলা প্রশাসক ও রিটানিং অফিসার একে এম মামুনুর রশিদ বলেন, দুর্গম এলাকার হেলিসোটিং কেন্দ্রগুলোর ফলাফল এখনও হাতে আসেনি। তাই যথাসময়ে প্রতিটি কেন্দ্রে ভোট গণনা শেষ করা হলেও চূড়ান্ত ফলাফল জানাতে কিছুটা বিলম্ব ঘটছে।তবে পার্বত্য রাঙামাটিতে এবারে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
জেলা নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটি আসনে এবার মোট ভোটার ছিলেন ৪,১৮,২৪৮ জন। তাদের মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ৩,০৫,২৯১। এগুলোর মধ্যে বৈধ ভোট ৩,০১,২৯৩ এবং বাতিল হয়েছে ৩,৯৯৮ ভোট।
বিবি/ ইএম




















