পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারিতে ঘোষণা করা হতে পারে। এ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।
উপজেলা পরিষদ নির্বাচন ধাপে ধাপে করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। পরিকল্পনা অনুযায়ী, ছয় বা সাত ধাপে ৪৯০ উপজেলায় ভোটগ্রহণ হতে পারে।
আগামী মার্চে প্রথম ধাপের ভোটগ্রহণ করার পরিকল্পনা রয়েছে ইসির। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। জাতীয় সংসদ নির্বাচনের পর ইসি উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।
উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে দেশের সব উপজেলা পরিষদের সর্বশেষ তথ্য ইসিকে জানাতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে। এতে উপজেলার নাম উল্লেখ করে সর্বশেষ নির্বাচনের তারিখ, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথগ্রহণ এবং প্রথম বৈঠকের তথ্য জানাতে বলা হয়েছে।
প্রায় একই ধরনের তথ্য দিতে ১০ আঞ্চলিক কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ইসি।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, আগামী ফেব্রুয়ারিতে এসএসসি, এপ্রিলে এইচএসসি ও জুনে পবিত্র রমজান বিবেচনায় মার্চ ও মে মাস ভোটগ্রহণের জন্য সুবিধাজনক সময়। তবে এখনও বিষয়টি নিয়ে ইসির সভায় আলোচনা হয়নি।
তিনি বলেন, কমিশন আমাদের যে নির্দেশনা দেবে সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।
বিবি/রেআ





















