জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের হাত ধরে বাংলা চলচ্চিত্রে প্রবেশ করেন বাপ্পি চৌধুরী। ২০১২ সালের পর জাজের প্রযোজনায় দশটির মতো সিনেমায় দেখা যায় তাকে। এরপর হঠাৎ করেই বদলে যায় দৃশ্যপট। যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে টানাপোড়েনের সময়টায় বাপ্পি গিয়ে দাঁড়ান আব্দুল আজিজের বিরুদ্ধপক্ষে। যৌথ প্রযোজনা এবং সিনেমায় জাজের ‘প্রভাব’ বন্ধ করতে বেশ শোরগোলও করেন তিনি।
যৌথ প্রযোজনার সিনেমা বন্ধের পক্ষে অবস্থান নেওয়াটা যে ভুল ছিলো বাপ্পি সেটি স্বীকার করেছেন। শনিবার প্রথম প্রহরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় জাজের কর্ণধার আব্দুল আজিজের কাছে নিজের অবস্থানের জন্য দুঃখপ্রকাশও করেছেন বাপ্পি।
বাপ্পি লিখেছেন, ‘দেশের সিনেমার উন্নয়ন হবে এ কথা ভেবে যোগ দিয়েছিলাম আন্দোলনে। যৌথ প্রযোজনার বিপক্ষে দাঁড়িয়েছিলাম। এর জন্য যে প্রতিষ্ঠানের হাত ধরে আমি আজ বাপ্পি চৌধুরী, যে মানুষটির জন্য আমি আজ নায়ক, সেই আজিজ ভাইয়ের সঙ্গে ঝগড়াও করেছি। যে মানুষটা চলচ্চিত্রে আমার সবচেয়ে কাছের ছিল তার থেকে দূরে সরে এলাম। কিন্তু এটা করে কি পেলাম? সিনেমার অবস্থা কি উন্নত হয়েছে? সিনেমার নির্মাণ কি বেড়েছে?
আমদানি করা বিদেশি ছবি দিয়ে বছর শুরু হওয়ায় বাপ্পি বেশ হতাশাও প্রকাশ করেছেন।
বাপ্পির এই উপলব্দি অবশ্য আব্দুল আজিজকে বেশ আপ্লুত করেছে। তিনি বলেছেন, ‘বাপ্পির প্রতি কোন দুঃখ নেই আমার। রাগও নেই। ও ক্ষমা চেয়েছে, আমি ক্ষমা করে দিয়েছি। আমি মনে করি ক্ষমা হচ্ছে সর্বোত্তম আচরণ। আর সে তো বুঝতে পেরেছে তার হাতে কোন কাজ নেই এখন। বেকারদের সঙ্গে মিশে সে নিজেও বেকার হয়ে গেছে।’
শুধু বাপ্পি চৌধুরী নয়, যৌথ প্রযোজনা তথা জাজের বিরুদ্ধে আন্দোলন করা অনেকেই এখন ক্ষমা চাচ্ছেন আব্দুল আজিজের কাছে। চাইছেন কাজও। আজিজ বলেন, ‘বাপ্পি স্ট্যাটাস দিয়েছে বলে আপনার দেখেছেন। অনেকেই আছেন যারা ব্যক্তিগত ভাবে দুঃখ প্রকাশ করছেন আমার কাছে। বলছেন, ভুল করেছি।’
উল্লেখ্য, ২০১৭ সালের রোজার ঈদের সময় ‘নবাব’ ও ‘বস ২’ ছবি দুটির প্রদর্শণ বন্ধের জন্য আন্দোলন শুরু হয়। যৌথ প্রযোজনার নামে ছবিতে ‘প্রতারণা’ বন্ধের দাবিতে চলচ্চিত্র পরিবারের ব্যানারে সেসময় বিক্ষোভ প্রকাশ করেন শিল্পী ও কলাকুশলীরা। পরে সেই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন চলচ্চিত্রের আর এক ডজন সংগঠন।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত শিল্পীদের মধ্যে তখন ছিলেন নায়ক ফারুক, রিয়াজ, বাপ্পি, সাইমন, ইমন, জায়েদ খান, খল চরিত্রের অভিনেতা মিশা সওদাগর, নায়িকা অঞ্জনা, পপি, পরীমনি, মৌমিতা মৌ, নিঝুম রুবিনাসহ আরও অনেকে। পরিচালকদের মধ্যে অংশ নেন মুশফিকুর রহমান গুলজার, মালেক আফসারি, বদিউল আলম খোকন প্রমুখ।
বিবি/রেআ

























