সোলায়মান মোহাম্মদঃ ‘কিছু মানুষের চলে যাওয়ায় সমাজে অপূরণীয় শুন্যতা পরিলক্ষিত হয়, কিছু মানুষের চলে যাওয়ায় সমাজে নেতৃত্বের অভাব দেখা দেয়, কিছু মানুষের চলে যাওয়ায় সমাজে শোকের ছায়া নেমে আসে’। মঙ্গলবার গাজীপুরের শ্রীপুর থানাধীন কাওরাইদ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্ডলের জানাজার নামাযে খুব ভারাক্রান্ত হৃদয়ে এসব কথা বলেন গাজীপুর-৩ আসনের নবনির্বাচিত সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় কাওরাইদের কেএন উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো মানুষের ঢল নামে চেয়ারম্যানের শেষ যাত্রায়। দলমত নির্বিশেষে সকল দলের নেতাকর্মী, উপজেলা প্রশাসন ও সকল শ্রেণী পেশার মানুষ তাদের চেয়ারম্যানকে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়। জানাজা পূর্ব সমাবেশে কাওরাইদ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সাংসদ মুহাম্মদ ইকবাল সবুজ,শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. শামছুল আলম প্রধান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমাতোজ জোহরা,শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম, মাওনা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন, বরমী ইউপি চেয়ারম্যান শামছুল হক বাদল, গাজীপুর ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, গোসিঙ্গা ইউপি চেয়ারম্যান শাহাজাহান সরকার প্রমুখ।
উল্লেখ্য, রফিকুল ইসলাম মন্ডল রক্তচাপ জনিত কারণে এ্যাপোলো হাসপাতালে গত সোমবার ইন্তেকাল করেন। মৃত্যু সময়ে তিনি উপজেলার কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। এ সময় তিনি অসংখ্য রাজনৈতিক গুণগ্রাহী ও শুভাকাঙ্খি রেখে গেলোও বিয়ে না করার কারণে উত্তরাধিকার হিসেবে কাউকে রেখে যেতে পারেননি।
বিবি/ ইএম





















