আগামী ১৫, ১৬ এবং ১৬ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়ে হয়েছে। তাবলীগ জামাতের বিবাদমান দুই পক্ষই একসঙ্গে এ বিশ্ব ইজতেমায় অংশ নেবে। এছাড়া এবার এক পর্বেই এ ইজতেমা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে এক পক্ষের সৈয়দ ওয়াসিফুল ইসলাম, খান সাহাবুদ্দিন নাসিম এবং অপর পক্ষের মাওলানা জুবায়ের, মাওলানা ওমর ফারুক উপস্থিত ছিলেন।
এছাড়াও বৈঠকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন যাবত ইজতেমা নিয়ে বিশৃঙ্খলা চলছে। এটাকে প্রশমিত করার জন্য এতদিন পর্যন্ত ব্যর্থ হয়েছি। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রী সবাইকে নিয়ে বৈঠক করেছেন। তাবলীগ জামাতেতের দুই গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছিল। গতকালকের বৈঠকে আমরা সকলে মিলে চেষ্টা করার ফলে দুই গ্রুপকে একত্রে বসাতে সক্ষম হয়েছি। ঐ বৈঠকে শেষ পর্যন্ত আমরা ঐক্যমতে পৌছাই, এবার বিশ্ব ইজতেমা একসঙ্গেই হবে। তারিখটা নির্ধারণ করার জন্যই আজকে ধর্ম মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে।
তিনি বলেন, আমরা কিছু চাপিয়ে দেইনি। আমরা শুধু একটা কথাই বলেছি, তাবলীগ জামাতের এত বড় কাজ যেন একসাথে করা হয়, সারাদেশবাসী যেন খুশী হয়। উনারা রাজি হয়েছেন।
তিনি বলেন, দুইপক্ষ দুইটা তারিখ ঠিক করেছিলেন। একপক্ষ ৮ এবং অপর পক্ষ ২২ ফেব্রুয়ারি নির্ধারণ করেছিলেন। মীমাংসার পথ হিসেবে আমরা প্রস্তাব দেই, যাতে এমন নাহয়, একদল বলল উনাদের কথা মত তারিখ ঠিক হল আবার আরেক দল বলল উনাদের কথামত তারিখ ঠিক হল। দুইটির মাঝামাঝি ১৫, ১৬ এবং ১৭ তারিখে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এই তিনদিন একসাথেই বিশ্ব ইজতেমা সুন্দরভাবে হবে। আমরা বিশ্ববাসীকে আবেদন করবো, আপনারা জেনে খুশী হবেন, বাংলাদেশের তাবলীগ জামাত নিয়ে এখন আর দ্বিধা-দ্বন্দ্ব নেই। আমরা এদেশে শান্তিপূর্ণভাবে করার প্রয়াস নিয়েছি। তাবলীগ জামাতের বিবাদমান দুই গ্রুপের সাথে পরামর্শ করে উনাদের সকলের সম্মতিতে একসঙ্গে করার জন্য সফলতা অর্জন করেছি।
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি এভাবে আগ্রহ প্রকাশ না করতেন এবং উনি যদি উদ্যোগ না নিতেন তাহলে এ কাজটা সম্পন্ন হত না। প্রধানমন্ত্রীর পদক্ষেপের ফলেই আমরা এ কাজটা সম্পন্ন করতে পেরেছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এবার এক পর্বেই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
বিবি/ ইএম
























