আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস-চেয়ারম্যান এড.হোসনেয়ারা বেগম বকুল পুনরায় দলীয় মনোনয়ন পেতে যাচ্ছেন। কুমিল্লা সদর উপজেলা নির্বাচনে পুরাতনদের প্রতিই আস্থা রেখে আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক গঠিত উপজেলা পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ড কেন্দ্রে পাঠানোর জন্য তাদেরকে প্রার্থী হিসেবে চুড়ান্ত করেছেন। গত সোমবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারী শনিবার আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আবেদন গ্রহণ করা হয়। সভায় দলীয় মনোনয়ন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রার্থী তালিকা চুড়ান্ত করতে ১৮ সদস্যর মনোনয়ন বোর্ড গঠন করা হয়। গতকাল (সোমবার, ২৮ জানুয়ারী) সকালে কুমিল্লা-৬ আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার এর নেতৃত্বে মনোনয়ন বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে বিকালে প্রার্থীদের নাম ঘোষনা করা হয়। উপজেলা আওয়ামী লীগের এ প্রার্থী তালিকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের সুপারিশ সহ চুড়ান্ত মনোনয়নের জন্য এ প্রার্থী তালিকা শীঘ্রই কেন্দ্রে পাঠানো হবে। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড উপজেলা আওয়ামী লীগের পাঠানো তালিকা থেকে চুড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে।
শহরতলীর দূর্গাপুর দক্ষিন ইউনিয়নের ধর্মপুর ও দৌলতপুর এলাকার কৃতি সন্তান এড. মো. আমিনুল ইসলাম টুটুল ও তারিকুর রহমান জুয়েল এ সাবেক দুই ছাত্রনেতা জুটি সুনামের সঙ্গে আদর্শ সদর উপজেলা পরিষদ পরিচালনা করে আসছেন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে রয়েছেন কালিরবাজার ইউনিয়নের আনন্দপুর গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এড. হোসনেয়ারা বেগম বকুল। গতকাল সোমবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় এমপি বাহারের বিশ্বস্থ টুটুল-জুয়েল-বকুল পরিষদ পুনরায় মনোনয়ন পাওয়ার বিষয়টি জানাজানি হলে নেতা-কর্মীদের মাঝে আনন্দ-উচ্ছাস বিরাজ করছে।






















