খুলনার রূপসা সেতুর বাইপাস সড়কে রবিবার রাতে ট্রাকচাপায় নিহত পাঁচ প্রাইভেটকার আরোহীই গোপালগঞ্জের ছাত্রলীগ ও যুবলীগের নেতা। এক পাগলকে বাঁচাতে গিয়ে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়।
নিহতরা হলেন- গোপালগঞ্জ শহরের সবুজবাগের অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ মিয়ার ছেলে ও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবু, একই এলাকার মৃত আলাউদ্দিন শিকদারের ছেলে ও গোপালগঞ্জ সদর যুবলীগের সহ-সভাপতি সাদিকুল আলম, থানাপাড়ার গাজী মিজানুর রহমানের ছেলে ও জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক ওয়ালিদ মাহমুদ উৎসব, গেটপাড়া এলাকার আলমগীর হোসেন মোল্লার ছেলে ও জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সাজু আহমেদ এবং চাদমারী এলাকার ওয়াহিদ গাজীর ছেলে ও জেলা ছাত্রলীগের সদস্য অনিমুল ইসলাম গাজী। এদের মধ্যে সাদিকুল গাড়ি চালাচ্ছিলেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ ৩৫-০০২৫) মহানগরের জিরো পয়েন্ট এলাকা থেকে যাচ্ছিল। আর রূপসা সেতু থেকে আসছিল সিমেন্টবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১৮-২৫৮৪)। দু’টি গাড়ি যখন খাজুর বাগান অতিক্রম করছিল, তখন এক ভবঘুরে পাগল প্রাইভেটকারের সামনে এসে পড়লে তাকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকার ও ট্রাকের এ সংঘর্ষ হয়।
এতে প্রাইভেটকারের ভেতরে থাকা পাঁচ ছাত্রলীগ ও যুবলীগ নেতাই প্রাণ হারান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ট্রাকটি জব্দ করা হলেও চালকসহ অন্যরা পালিয়ে যায়।
বিবি/জেজে





















