ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বলেছেন, ভারতের কাছে পারমাণবিক অস্ত্র আছে ঠিকই। তবে, তা ব্যবহারে এই দেশ অনিচ্ছুক। প্রাক্তন কূটনীতিবিদ রাকেশ সুদের বই ‘নিউক্লিয়ার অর্ডার ইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি’ বইটি প্রকাশ করার সময় মনমোহন সিংহ এই কথা বলেন। এনডিটিভি।
তিনি বলেন, ‘ভারত হল পৃথিবীর একমাত্র দেশ যার কাছে বিস্তৃত এবং আধুনিক শান্তিপূর্ণ পারমাণবিক প্রকল্প রয়েছে। নিরাপত্তা সংক্রান্ত হুমকির সঙ্গে লড়াই করার জন্য আমাদের কাছে অস্ত্র থাকলেও সেগুলোকে মূলত অন্য কাজে লাগানোর ওপর জোর দেয়া হয়। যে কারণে পারমাণবিক বোমা নিয়ে ভারতের চিন্তাধারা বাকি দেশগুলোর তুলনায় স্বতন্ত্র”।
মনমোহন সিংহ বলেন, গত ৭০ বছরে পরমাণু বিজ্ঞান এবং তার কারিগরি প্রচুর উন্নতি করেছে। এখন তার ব্যবহারও অনেক সহজেই করা যায়।
‘বহু নেতাই এই কথা জানেন এবং বিশ্বাস করেন যে, পারমাণবিক বোমার ফলে নানা অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে। এর ফলে এমন অবস্থাও সৃষ্টি হতে পারে, যা ১৯৪৫ সালের পর বিশ্ব দেখেনি। তবে এর বহুমাত্রিকতা এখন বিশ্ব অর্থনীতির কাছে জরুরি আলোচনার বিষয়। বিশ্ব রাজনীতি ও কূটনীতিতেও তার প্রভাব অস্বীকার করা যায় না’, বলেন মনমোহন সিংহ।
উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে গাড়ি বোমা হামলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪৯ জন সেনা নিহত হয়। হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ।
হামলার পর ভারত আন্তর্জাতিক মহল থেকে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। তবে অভিযোগ অস্বীকার করে ইমরান খান বলেন, ভারত কোনও আক্রমণ চালালে তা প্রতিহত করা হবে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন আর্মস কন্ট্রোল এসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতের হাতে ১৩৫টি এবং পাকিস্তানের হাতে ১৪৫টি পারমাণবিক বোমা রয়েছে।























