জয়পুরহাটেরে ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রামের দুলাল হোসেন হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
জেলা জজ আদালতের বিচারক বেগম মমতাজ পারভীন বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রামের আনিছুর রহমান, সাবলু খান, রমজান আলী ও সোহেল রানা।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৮ এপ্রিল দুপুরে ক্ষেতলাল উপজেলার গোলাহার গ্রামের নিজ ঘরে মোতালেব তালুকদারের ছেলে দুলাল হোসেনের গলাকাটা মরদেহ পাওয়া যায়। এ ঘটনা পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। পরে ওই দিনই দুলালের বড় ভাই জাহাঙ্গীর তালুকদার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলা তদন্ত শেষে পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরমধ্যে মামলা চলাকালীন সময়ে বিপ্লব হোসেন নামে এক আসামি মারা যান। মামলার দীর্ঘ শুনানি শেষে ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে বাকি চার আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেন।
মামলাটির রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল পিপি ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান।
বিবি/জেজে




















