কুমিল্লায় শিল্পী বেগম(২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ওই গৃহবধূর স্বামী সুমনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টায় জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়, প্রায় তিন মাস আগে জেলার বরুড়া উপজেলার দেওড়া গ্রামের অহিদুর রহমানের ছেলে মো. সুমনের সাথে সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত রফিক মিয়ার মেয়ে শিল্পী বেগমের বিয়ে হয়। পূর্বে শিল্পীর আরেকটি বিয়ে হয়েছিলো এবং একটি পাঁচ বছরের সন্তান রয়েছে। বিয়ের পর থেকে প্রথম স্বামীর সঙ্গে যোগাযোগের বিষয়টি দ্বিতীয় স্বমী সুমন জানতে পারলে উভয়ের মাঝে দাম্পত্য কলহ চলে আসছিল। সোমবার গভীর রাতে ঝগড়ার একপর্যায়ে শিল্পীকে শ্বাসরোধে হত্যা করে সুমন পালিয়ে যায়। সকালে নিহতের মা বাসায় গিয়ে মেয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, মঙ্গলবার ভোরে সদর উপজেলার বালুতুপা এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় চোর সন্দেহে সুমনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে দৌলতপুর গ্রামে হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে যায় এবং সেখানে সুমনের ছবি দেখে নিশ্চিত হয়। এ ঘটনায় নিহতের মা মিনু বেগম বাদী থানায় সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিকালে আদালতের মাধ্যমে সুমনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
১৯-০৩-১৯






















