ক্রিকেট বিশ্বকাপের আগেই আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে নিজের হারানো রাজত্ব ফিরে পেয়েছিলেন সাকিব। আর পেয়েই যেন বিশ্বকাপে দুর্দান্তভাবে ছুটেছিলেন তিনি। ব্যাটে বলে উজ্জ্বল থাকার পাশাপাশি একের পর এক রেকর্ড গড়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। দুর্দান্ত পারফর্মেন্সের আদলে জ্বলে উঠা সাকিব অলরাউন্ডার র্যাঙ্কিং আরো বেশী পাকাপোক্ত করে নিয়েছেন।
বিশ্বকাপে ব্যাট হাতে ৬০৬ রান ও বল হাতে ১০ উইকেট শিকার করে সাকিব এবারের আসরের টুর্নামেন্ট সেরার খেতাব পাওয়ার অন্যতম দাবীদার। তিনি যে তিনটি ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন, বাংলাদেশ জয় পেয়েছে ঐ তিনটি ম্যাচেই। দল খুব একটা সফল না হলেও সাকিব ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। আর তার এই পারফরম্যান্স অলরাউন্ডার র্যাংকিংয়ে বাড়িয়েছে রেটিং পয়েন্ট।
বিশ্বকাপের আগে ৩৫৯ রেটিং নিয়ে শীর্ষে ছিলেন সাকিব। রবিবার (৭ জুলাই) বিশ্বকাপের মাঝপথে হালনাগাদকৃত র্যাংকিংয়ে সাকিবের রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৪০৬। এতদিন দ্বিতীয় স্থানে ছিলেন আফগানিস্তানের রশিদ খান। তবে বিশ্বকাপে তার ম্লান পারফরম্যান্স অলরাউন্ডারদের র্যাংকিংয়ে ঠেলে দিয়েছে পঞ্চম স্থানে! তৃতীয় স্থানে বহাল রয়েছেন রশিদের স্বদেশী মোহাম্মদ নবী। পাকিস্তানের ইমাদ ওয়াসিমও রয়েছেন আগের জায়গায় অর্থাৎ চতুর্থ স্থানে। তবে বড় লাফ দিয়ে ইংল্যান্ডের বেন স্টোকস এখন দ্বিতীয় সেরা অলরাউন্ডার।
যদিও সাকিবের সাথে স্টোকসের পার্থক্যটাও বেশ সুস্পষ্ট! স্টোকসের রেটিং সাকিবের চেয়ে ৯০ ব্যবধানে পিছিয়ে। অর্থাৎ, ইংলিশ ক্রিকেটারের রেটিং পয়েন্ট ৩১৬।
বিবি/এমএ






















