কবিরাজের পানি পড়া খেয়ে দু’জনের মৃত্যু হয়েছে সাভারের কাউন্দিয়ায় এলাকায়। চিকিৎসাধীন আরও ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
২১ জুলাই (রোববার) দিবাগত গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত ওহাব কবিরাজকে আটক করেছে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ জানান, গত ২০জুলাই (শনিবার) রাতে রাজধানীর মিরপুর থেকে সাভারের কাউন্দিয়া আলী নগর এলাকার ওহাব কবিরাজের বাড়িতে চিকিৎসার জন্য যান জাকির ও রাশেদুল নামে দুই ব্যক্তি। এ সময় তারাসহ আরও দুইজন কবিরাজের দেয়া পানি পড়া খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার একদিন পর গতরাতে (রোববার) চিকিৎসাধীন অবস্থায় জাকির ও রাশেদুলের মৃত্যু হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম সায়েদ জানান, এ ঘটনায় অভিযুক্ত ওহাব কবিরাজকে আটক করা হয়েছে। এছাড়া থানায় একটি হত্যা মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিজনেস বাংলাদেশ-/ এমএ




















