মেহেরপুরের সদর উপজেলায় দুই দল মাদক কারবারির মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ হামিদুল ইসলাম (৩০) নামে একজন নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, হামিদুল ইসলাম চিহ্নিত মাদক কারবারি। সে সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আরজ আলীর ছেলে। তার নামে সদর থানায় এক ডজন মামলা রয়েছে। সোমবার (২২ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোভিপুর গ্রামের মাথাভাঙ্গা মোড়ে এ গোলাগুলির ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ ওই স্থান থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, সোমবার রাত ৩টার দিকে সদর উপজেলার গোভিপুর গ্রামে দুই দল মাদক কারবারির মধ্যে গোলাগুলি হচ্ছে- এমন সংবাদ পেয়ে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।
তিনি জানান, সেখানে পৌঁছে মাথাভাঙ্গা মোড়ে গুলিবিদ্ধ হামিদুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দুপক্ষের গোলাগুলিতে নিহত হয়েছে হামিদুল।
বিবি/জেজে




















