ইউরোপের দেশ মাল্টার সাথে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর আওতায় সহযোগিতার নতুন যুগে প্রবেশ করতে চলেছে এ দুটো দেশ। দু’দেশই পাস্পারিক সহযোগিতা ছাড়াও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাবে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও মাল্টার পররাষ্ট্রমন্ত্রী কারমেলো আবেলার সঙ্গে সোমবার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউরোপের সমুদ্রে ঘেরা ছোট্ট এক দ্বীপরাষ্ট্র মাল্টার রাজধানী ভ্যালেত্তায় অনুষ্ঠিত এ বৈঠকে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে ঐক্যমত পোষণ করেছে উভয়পক্ষ। একই সঙ্গে দু’দেশ সমুদ্র অর্থনীতি প্রসারে কাজ করবে।
বৈঠক শেষে বাংলাদেশ ও মাল্টার মধ্যে দু’টি সমঝোতা স্মারক সই হয়েছে। একটি দুই দেশের মধ্যে নিয়মিত রাজনৈতিক পরামর্শ সভা। অপরটি দু’দেশের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা।
বৈঠকে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ খোরশেদ এ খাস্তগীর উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























