নরসিংদীর রায়পুরায় দুইটি ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
ইউনিয়ন দুটি হলো, উপজেলার রাধানগর ও ডৌকারচর। এ দুটি ইউনিয়নেই উপনির্বাচনে চেয়ারম্যান পদে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী এ নির্বাচনে হেরেছেন।
বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন রাধানগরে স্বতন্ত্র প্রার্থী মো. খোরশেদ আলম তপন। তিনি ‘চশমা প্রতীক’ নিয়ে ২ হাজার ৭৬৩ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী শেফায়েতউল্লাহ শিশু (নৌকা) প্রতীকে ২ হাজার ৩৫৩ ভোট পেয়ে হেরেছেন।
অপরদিকে ডৌকারচরে স্বতন্ত্র প্রার্থী মো. মাসুদ ফরাজী (টেলিফোন প্রতীক) নিয়ে ২ হাজার ৬৭৪ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সোহেল পারভেজ (নৌকা) প্রতীকে ২ হাজার ৪৫০ ভোট পেয়ে হেরেছেন।
বৃহস্পতিবার (২৫ জুলাই) ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫ টায় শেষ হয়। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন দুটির কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, এ দুটি ইউনিয়নে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিলো। এরমধ্যে রাধানগরে ৮ জন ও ডৌকারচরে ২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এর আগে নির্বাচন কমিশন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাদেক উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়া এবং ডৌকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লোকমান মিয়ার মৃত্যুতে ইউনিয়ন দুটির শূন্য ঘোষণা করে চেয়ারম্যান পদে ২৫ জুলাই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
বিজনেস বাংলাদেশ-/ ইএম




















