নোয়াখালীতে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালার উদ্দেশ্য ছিলো, স্বাস্থ্য সেবা বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা ও প্রতিবেদন প্রণয়নে সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা স্থানীয় জনগণের স্বাস্থ্য বিষয়ক সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ে উল্লে¬খযোগ্য ঘটনা, ফিচার ও তথ্যসমূহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও প্রচার করতে পারেন।
শুক্রবার বিকালে জেলা শহরের নাইস গেস্ট হাউজে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তন্ময় দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহনকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন।
এসময় কালের কন্ঠ প্রতিনিধি সামছুল হাসান মিরনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশান (বিএমএ) নোয়াখালী জেলা শাখার সভাপতি ডা: এম এ নোমান।
ইউএসএআইডি’র উজ্জীবন প্রকল্পের আওতায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় আলোচনা ও প্রশিক্ষন প্রদান করেন, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহা সচিব খায়রুজ্জামান কামাল, সিনিয়র সাংবাদিক সালিম সামাদ, সেইভ দ্যা চিলড্রেন এর পরিচারক বেলাল উদ্দিন, বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর নাসরিন গীতি এবং বাংলাদেশ টেলিভিশন খাগড়াছড়ি এর প্রতিনিধি আতাউর রহমান রানা।
কর্মশালায় দেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরে মা-নবজাতক, শিশু-কিশোরীর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার-পরিকল্পনা ও যক্ষা সম্পর্কে নানা দিক নিয়ে আলোকপাত করা হয় এবং এসব বিষয়ে রিপোর্টিং করার বিষয়ে নানা দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় সিনিয়র সাংবাদিক বিটিভি নোয়াখালী প্রতিনিধি একেএম জোবায়ের, দৈনিক সচিত্র নোয়াখালী প্রকাশক-সম্পাদক আমিরুল ইসলাম হারুন, জিটিভি নোয়াখালী প্রতিনিধি বিকাশ সরকার, মানবজমিন স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, ইউএনবি নোয়াখালী প্রতিনিধি মেজবাউল হক মিঠু, ভোরের কাগজ ও ডেইলি বাংলাদেশ নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৬জন সাংবাদিক অংশগ্রহন করেন।
বিজনেস বাংলাদেশ-/ ইএম






















